ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ১০:৫৩ অপরাহ্ন

ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ ও গুলি-ককটেল বিস্ফোরণ, ফুটপাতের ১০ দোকানে আগুন

  • আপডেট: Wednesday, November 25, 2026 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশে সোপর্দ করাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের জাদুঘর মোড় এলাকায় শুরু হওয়া এই সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় জাদুঘর মোড়ের ফুটপাতে থাকা অন্তত ১০টি দোকানে অগ্নিসংযোগ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক ও যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের নেতা-কর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায় এবং পিস্তল হাতে একজনকে গুলি ছুঁড়তে দেখা গেছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর রহমান নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা নিয়ে ঘটনার সূত্রপাত হয়। ছাত্রদল নেতা ইমদাদুল হকের দাবি, ওই যুবক নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সহসভাপতি। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা সাফায়েত হোসেনের চাচাতো ভাই কৌশিকের সঙ্গে নগরের টিবি পুকুর এলাকার একটি দোকানে বসে ছিলেন শাহিনুর।

এ সময় ইমদাদুল হকের অনুসারী ছাত্রদলের নেতা-কর্মীরা শাহিনুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর সাফায়েত জাদুঘর মোড়ে ইমদাদুল হকের সঙ্গে দেখা করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহিনুরকে আটক করে পুলিশে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

ঘটনার পর তাঁরা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও সংঘর্ষে যোগ দেন। এ ঘটনায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা সাফায়েত হোসেন সাংবাদিকদের বলেন, ‘এই ইমদাদুল হক আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। আমার নামে যে অভিযোগ করা হয়েছে, তা বানোয়াট; সেখানে আমি ছিলাম না।’ তিনি আরও বলেন, ‘৫ আগস্ট থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে, সেটা ইমদাদুল হকের বাহিনী করেছে। তার একটি ছোটখাটো নমুনা আমরা আজ দেখতে পেয়েছি।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি বুধবার সাংবাদিকদের জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে শুধু একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে; অন্য কোনো অস্ত্র উদ্ধার হয়নি। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়ে রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শাহিনুর থানা হেফাজতে আছেন। তাঁর নামে থানায় মামলা রয়েছে এবং তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন:

রাতের সংঘর্ষের ঘটনার পর বুধবার বিকেলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন ইমদাদুল হক ও সাফায়েত হোসেন। বিকেলে রাজশাহী কলেজে সংবাদ সম্মেলন করে সাফায়েত হোসেন দাবি করেন, ইমদাদুলের পরিবারেই আওয়ামী লীগ রয়েছে। সেদিকে না তাকিয়ে তিনি সাধারণ মানুষকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ সাজিয়ে মব তৈরি করে পুলিশে দিচ্ছেন। তাঁর অভিযোগ, প্রথমে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিলে সবকিছু ঠিক থাকে, আর চাঁদা না দিলে পুলিশে দেয়া হয়।

অন্যদিকে, পৃথক সংবাদ সম্মেলনে ইমদাদুল হক দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। হামলাকারীরা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায়। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কেউ এ অভিযোগ প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করে নিজেকে আইনের কাছে সোপর্দ করব।’

দুই নেতার পদ স্থগিত:

এদিকে গতকাল বুধবার বিকেলে দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন ও তাঁর অনুসারী আরেক যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেনের পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোনালী/জগদীশ রবিদাস