ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৬ - ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে পরিত্যক্ত অবস্থায় ১৬ ককটেল ও ৪ পেট্রোল বোমা উদ্ধার

  • আপডেট: Wednesday, September 23, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার তালপুকুরিয়া এলাকা থেকে ১৬টি তাজা ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি।

এসআরবি জানায়, গতকাল বুধবার রাত ১টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালপুকুরিয়া সিটিহাট থেকে কামালচত্বর সড়কের পূর্ব পাশে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণে একটি আমবাগানে অভিযান চালানো হয়। সেখানে মো. জাহাঙ্গীর মন্ডলের চাষ করা পুঁইশাকের ক্ষেতে দুটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

পরে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের শপিং ব্যাগ থেকে কসটেপে মোড়ানো ১৬টি ককটেল উদ্ধার করা হয়। অপর একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি রাজশাহীর অপারেশন দল ঘটনাস্থল থেকে এসব বিস্ফোরকসদৃশ আলামত উদ্ধার করে।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৫ জানায়, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী ও ছিনতাইকারীসহ সার্বিক আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।