ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৬ - ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম

এসআরবি-৫ অভিযানে রামেক হাসপাতালে দালালচক্রের ৭ জন আটক

  • আপডেট: Wednesday, September 23, 2026 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে এসআরবি-৫। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

বুধবার সকাল থেকে রামেক হাসপাতালের বহির্বিভাগে গোয়েন্দা নজরদারি চালায় এসআরবি -৫ সদস্যরা। এ সময় রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে প্রভাবিত করে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষার নামে অন্যত্র নেওয়ার চেষ্টা করা এবং দালালি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে শনাক্ত করা হয়।

পরে অভিযান চালিয়ে তাদের আটক করে। এরপর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার। আদালত আটক ব্যক্তিদের অপরাধের ধরন বিবেচনায় বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালের বহির্বিভাগ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি দালালচক্র সক্রিয় রয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের টার্গেট করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা, অ্যাম্বুলেন্স ও দ্রুত সেবা পাইয়ে দেওয়ার কথা বলে প্রলোভন দেখায়।

পরে তাদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার চেষ্টা করা হয়। সাজা প্রাপ্তরা হলেন মো. দুলাল, আহসান আলী, মো. রনি, মুন্না বাবু দত্ত, শরিফুল, জাকির, মো. তালিমুল ইসলাম ও মো. বিপ্লব। অভিযান চলাকালে এসআরবির-৫-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।