১০০ জন সুবিধাবঞ্চিদের মাঝে অনুদানের চেক বিতরণ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রদত্ত সাধারণ অনুদানের চেক রাজশাহীতে শতাধিক উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়েছে।
সমাজে পিছিয়ে পড়া, হতদরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা করার পাশাপাশি তাদের শিক্ষা ও চিকিৎসার সার্বিক সহযোগিতায় এ অর্থ প্রদান করা হয়।
মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় এই চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজশাহীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম বলেন, সমাজের অসহায়, হতদরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক পাশে দাঁড়ানো সরকারের অন্যতম মৌলিক ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান দুস্থদের শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক প্রয়োজন মেটাতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এই অনুদানের অর্থ যথাযথ কাজে ব্যবহার করে উপকারভোগীদের নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্বাবলম্বী হওয়ার তাগিদ দেন।
একই সাথে সুবিধাবঞ্চিত মানুষদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুনিরা খাতুনসহ প্রশাসনের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিকিৎসার খরচ, শিক্ষার ব্যয় বহন ও আর্থিক সহায়তার জন্য নির্ধারিত ১০০ জন উপকারভোগীর হাতে অনুদানের চেক তুলে দেন অতিথিগণ।











