ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
স্টাফ রিপোর্টার: রাজশাহীর ঐতিহ্যবাহী ভূবনমোহন পার্কে অবৈধভাবে দখলে থাকা একটি স্থাপনা উচ্ছেদ করেছে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে পরিচালিত এক অভিযানে স্থাপনাটি সফলভাবে দখলমুক্ত করা হয়। পরবর্তীতে ভবনটিতে তালা ঝুলিয়ে ও সিলগালা করে সিটি করপোরেশনের নিজস্ব হেফাজতে নেয়া হয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ভূবনমোহন পার্ক এলাকার রাসিকের নিয়ন্ত্রণাধীন গণশৌচাগারের দ্বিতীয় তলায় একটি অংশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেই দখল উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত স্থানটি তাৎক্ষণিকভাবে তালাবদ্ধ ও সিলগালা করা হয়।
রাসিক কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত স্থাপনাটির বিষয়ে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান পরিচালনাকালে রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, সম্পত্তি কর্মকর্তা আবু নূর মো. মতিউর রহমানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিতি ছিলেন।











