রাজশাহীতে পালিত হলো বিশ্ব পরিযায়ী পাখি দিবস
স্টাফ রিপোর্টার: পাখি সংরক্ষণ এবং তাদের আবাসস্থল সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব পরিযায়ী পাখি দিবস’ পালিত হয়েছে। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে পদ্মা গার্ডেন সংলগ্ন রাজশাহী আধুনিক পাঠাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাপা রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিনা বেগম এবং বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশনের সহ-সভাপতি মিজানুর রহমানসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের ভূমিকা তুলে ধরে পাখি শিকারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা শেষে পদ্মা নদীর পাড়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।











