ক্যামব্রিয়ান স্কুল পরিদর্শন করলেন আরডিএ চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার: রাজশাহীর তালাইমারীতে অবস্থিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি স্কুলটি পরিদর্শনে যান। এ সময় তিনি প্রতিষ্ঠানের ভবন এবং এর আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
আরডিএ সূত্রে জানা গেছে, তালাইমারী চত্বরে অবস্থিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ভবনটি আরডিএর নিজস্ব সম্পত্তি। ভবনটির সঠিক রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কি না এবং এর আওতাধীন অব্যবহৃত জায়গাগুলোর পরিকল্পিত ব্যবহার নিশ্চিত হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করতেই চেয়ারম্যানের এই পরিদর্শন।
পরিদর্শনকালে আরডিএ চেয়ারম্যান ভবনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং অনাবৃত ও অব্যবহৃত জায়গাগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি আরডিএর স্থাবর সম্পত্তি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও তার যথাযথ ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন।
এ সময় আবুল কালাম আজাদ সুইট বলেন, আরডিএর সম্পত্তি যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো জায়গা যেন অযত্নে বা অব্যবহৃত অবস্থায় পড়ে না থাকে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক নজর রাখতে হবে।
পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মসিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক, নগর পরিকল্পক রাহেনুল ইসলাম রনী ও এস্টেট কর্মকর্তা বদরুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।











