ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

সম্পত্তি দখলচেষ্টা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট: Thursday, July 23, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ঝাউতলা মসজিদ মোড় সংলগ্ন এলাকায় জাল কাগজপত্রের মাধ্যমে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, মিথ্যা মামলা এবং জীবননাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের এক সদস্য।

বৃহস্পতিবার লিখিত এক বিজ্ঞপ্তিতে ভুক্তভোগী পরিবারের পক্ষে মরহুম আজিম উদ্দিনের মেজো কন্যা ফাতেমা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগে বলা হয়, ফাতেমা ও তাঁর চার ভাইবোন এবং মা সম্মিলিতভাবে লক্ষ্মীপুর মৌজার ৩৮ নম্বর খতিয়ানভুক্ত সম্পত্তির ওয়ারিশ সূত্রে বৈধ মালিক। ১৯৭৯ সালে তাঁদের দাদী মরহুমা মহিদন বেওয়ার মৃত্যুর পর তাঁর একমাত্র পুত্র আজিম উদ্দিন ওই সম্পত্তির মালিকানা পান।

পরবর্তীতে ১৯৮৮ সালে বাবার মৃত্যুর পর থেকে তাঁরা নিয়ম অনুযায়ী সরকারকে খাজনা ও খারিজ প্রদান করে জমি ভোগদখল করে আসছেন। ওই জমিতে প্রায় ১০০ বছরের পুরোনো পারিবারিক কবরস্থানও বিদ্যমান রয়েছে বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, বিগত সরকারের আমলের স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলর এবং একটি ভূমি জালিয়াতি চক্রের যোগসাজশে বারবার ভূয়া ওয়ারিশান সার্টিফিকেট ইস্যু করে পরিবারটিকে হয়রানি করা হচ্ছে। ভূয়া ওয়ারিশ দাবিদার ও তাদের আমমোক্তারগণ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। একই সাথে জমি থেকে উচ্ছেদ ও জীবননাশের হুমকি দেয়া হচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটির পক্ষ থেকে বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটানোর কথা জানিয়ে উক্ত সম্পত্তির সুরক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী, ভূমিমন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সদয় সহযোগিতা কামনা করা হয়েছে।