ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম

নাগরিক সেবার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার রাসিক ও ওয়াসার

  • আপডেট: Thursday, July 23, 2026 - 10:41 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে রাজশাহী সিটি কর্পোরেশন এবং রাজশাহী ওয়াসা।

বৃহস্পতিবার সকাল ১১টায় নগর ভবনে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে রাজশাহী ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হারুন-অর-রশীদের (যুগ্মসচিব) এক সৌজন্য সাক্ষাতকালে উভয় সংস্থা এই ঐকমত্যে পৌঁছায়। সাক্ষাৎকালে নবনিযুক্ত ওয়াসা এমডিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক। পরবর্তীতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নগরীর অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নাগরিক সেবা সহজীকরণে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, আমাদের মূল উদ্দেশ্য জনগণের দোরগোড়ায় সর্বোত্তম সেবা পৌঁছে দেয়া। রাজশাহীর উন্নয়ন ও মানুষের কল্যাণে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ওয়াসার সেবামূলক কার্যক্রমে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অন্যদিকে, পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে রাসিকের গৃহীত নানা পদক্ষেপর ভূয়সী প্রশংসা করেন ওয়াসার এমডি মোহাম্মদ হারুন-অর-রশীদ। ওয়াসার সেবার মান আরও আধুনিক ও উন্নত করতে তিনি সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন। পরিশেষে, টেকসই নগর উন্নয়ন ও জনস্বার্থে পরিচালিত কার্যক্রমকে গতিশীল রাখতে উভয় প্রতিষ্ঠানের বিদ্যমান সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম ও জেলা দায়রা জজ) ফয়সল তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন উপস্থিত ছিলেন।

রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট’র সৌজন্য সাক্ষাৎ:

এদিকে, রাজশাহী মহানগরীর অবকাঠামোগত সমৃদ্ধি, নাগরিক সেবার মান বৃদ্ধি ও সার্বিক জনকল্যাণমূলক বিষয় নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে তাঁর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল রুবায়াৎ কবীর (পিবিজিএন) প্রশাসকের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন। বৈঠকে নগরীর সেবার মান আরও বেগবান করা এবং প্রশাসনিক সমন্বয়ের নানা দিক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় অন্যান্যের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা উপস্থিত ছিলেন।

রুয়েট শিক্ষার্থীদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়:

অন্যদিকে, রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুবিধা তৈরি এবং ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ উন্নয়নসহ নানা বিষয়ে রাসিক প্রশাসকের সাথে আলোচনা করেছেন রুয়েটের এক প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে রুয়েট শিক্ষার্থীদের একটি দল। সাক্ষাৎকালে তারা শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা প্রশাসকের নিকট তুলে ধরেন। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন রুয়েট শিক্ষার্থীদের উপস্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনেন এবং শিক্ষার্থীদের শিক্ষা ও গঠনমূলক যেকোনো পদক্ষেপে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিবাচক সহায়তার প্রতিশ্রুতি দেন।