ঢাকা | জুন ১, ২০২৬ - ১২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

প্রেসিডেন্ট জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা: ভূমিমন্ত্রী

  • আপডেট: Sunday, May 31, 2026 - 11:17 pm

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, প্রেসিডেন্ট জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। খাল খননের মাধ্যমে তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চেয়েছিলেন। তার শাসনামলে গার্মেন্টস সেক্টরের বিকাশ ও জনশক্তি রপ্তানি করে তিনি দেশের অর্থনীতিকে শক্তিশালী করে গিয়েছিলেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার অবদান ছিল অতুলনীয়, যা জাতি সর্বদা স্মরণ করবে।

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।

দিবসটি উপলক্ষে গত শনিবার সকালে নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন সহ দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু হ মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক ও রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

পরে শাহাদাতবার্ষিকী উপলক্ষে নগরীর ভুবন মোহন পার্কে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত বইমেলা এবং রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। উদ্বোধন শেষে অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

জেলা বিএনপি

এছাড়া গত শনিবার বিকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভুমীমন্ত্রী মিজানুর রহমান মিনু।

এসময় ভূমিমন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীদের সবচেয়ে বড় অলংকার হলো দেশপ্রেম, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতা। অতীতে হাজারো রাজনৈতিক প্রতিকূলতা ও নির্যাতনের কারণে অনেক নেতাকর্মী দীর্ঘ সময় গৃহহীন জীবন কাটিয়েছেন, অনেকে কারাবরণ করেছেন, অনেকেই নির্যাতনে প্রাণ হারিয়েছেন। এসব ত্যাগের কথা স্মরণ রেখে দলের ভেতরের সব বিভেদ ভুলে দেশের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি শফিকুল হক মিলন এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি নজরুল ইসলাম মণ্ডল, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।