ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

রামেবি ভিসিকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, October 7, 2026 - 10:43 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও সেকশন অফিসার নাজমুল হোসাইনকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ার ঘটনায় রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই মামলায় গত মঙ্গলবার রাতে রাজশাহী নগরীর রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও ভিসির পিএস নাজমুল হোসাইন বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলা রেকর্ডভুক্ত হওয়ার পরপরই রাতে প্যারামেডিকেল এলাকার নিজ বাসা থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-কমিশনার গাজীউর রহমান সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ে অনধিকার প্রবেশ, জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা, সরকারি কাজে বাধা প্রদান, শারীরিকভাবে লাঞ্ছনা, মালামাল লুটপাট ও অবরুদ্ধ করে রাখার অভিযোগে এ মামলা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যান্য আসামিদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস