ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

সেচযন্ত্র পরিচালনায় দক্ষতা বাড়াতে বিএমডিএ’র দুই দিনব্যাপী প্রশিক্ষণ

  • আপডেট: Wednesday, October 7, 2026 - 10:41 pm

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থাপনা আরও কার্যকর, আধুনিক ও টেকসই করার লক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

‘সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ বিষয়ক এ প্রশিক্ষণ বুধবার সকালে রাজশাহী বিএমডিএ’র প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বিএমডিএ’র গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে এবং ঢাকার ‘সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেড’-এর সহযোগিতায় ৭ ও ৮ অক্টোবর দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক ( গ্রেড-২) জাহাঙ্গীর আলম খান। গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী  জিন্নুরাইন খানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, সচিব মেহেদী হাসান, নির্বাহী প্রকৌশলী  তোফাজ্জল আলী সরকার ও এ. এস. এম দেলোয়ার হোসেন। কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন গবেষণা ও প্রশিক্ষণ শাখার নির্বাহী প্রকৌশলী কাজী আশেকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম খান বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন অনেকাংশেই সেচ ব্যবস্থার ওপর নির্ভরশীল। তাই সেচযন্ত্র ও সংশিষ্ট অবকাঠামোর সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মকর্তা-কর্মচারীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে সেচ ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে হবে। সেচযন্ত্রের ছোটখাটো ত্রুটি সময়মতো শনাক্ত করা গেলে বড় ধরনের ক্ষতি ও অতিরিক্ত ব্যয় এড়ানো সম্ভব। তিনি মাঠপর্যায়ে কৃষকদের নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিদ্যুৎচালিত ইন্সট্রুমেন্ট ও টুলসের ব্যবহার, সাবমার্সিবল পাম্পের প্যানেল বোর্ড, সার্কিট ডায়াগ্রাম, স্টার-ডেল্টা কানেকশন, বৈদ্যুতিক লাইনসামগ্রী, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর ও বৈদ্যুতিক নিরাপত্তার ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি ট্রান্সফরমারের বিভিন্ন অংশ, ত্রুটি শনাক্তকরণ, মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছেন প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞরা।

এ প্রশিক্ষণে রাজশাহী, গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, চাটমোহর ও পাবনাসহ বিভিন্ন জোন ও রিজিয়নের মোট ৩০ জন মেকানিক, সহকারী মেকানিক ও কার্য-সহকারী অংশ নিচ্ছেন। এর মাধ্যমে মাঠপর্যায়ে সেচ সেবা প্রদানের মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন আয়োজকরা।

সোনালী/জগদীশ রবিদাস