ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ২:০০ পূর্বাহ্ন

শিরোনাম

জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশ নয়, মানবস্বাস্থ্যের জন্য বড় সমস্যা

  • আপডেট: Thursday, April 23, 2026 - 10:05 pm

স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের দৈনন্দিন জীবনে যে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে, সে বিষয়ে সচেতনতা বাড়াতে রাজশাহীতে জলবায়ু পরিবর্তন ও মানবস্বাস্থ্য শীর্ষক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এসওএস চিলড্রেনস ভিলেজ রাজশাহীতে সেশনটি পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ন্যাশনাল ইয়ুথ কাউন্সিল বাংলাদেশের উদ্যোগে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিসেস তাসমিনা খাতুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশু ও তরুণদের ভবিষ্যতের ওপর, তাই এই প্রজন্মকে পরিবেশ নিয়ে সচেতন করা অত্যন্ত জরুরি। পরিবেশ ও স্বাস্থ্যের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং জলবায়ু পরিবর্তন এখন আর শুধুই পরিবেশের সমস্যা নয়, এটি একটি বড় জনস্বাস্থ্য সমস্যা।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাসমিনা খাতুন বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে ব্যক্তিগত সচেতনতা, পরিবেশবান্ধব আচরণ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলারও প্রয়োজন আছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসওএস চিলড্রেনস ভিলেজ রাজশাহীর প্রজেক্ট ডিরেক্টর ড. আশরাফ হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স পরিচালক হাসান আসিফ খান চৌধুরী। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূগোল বিভাগের প্রভাষক শেহান তাওসিফ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন এসওএস ইয়ুখ ভিলেজ রাজশাহীর ইনচার্জ ও অফিসার প্রোগ্রাম মিজানুর রহমান।