ঢাকা | অক্টোবর ২৫, ২০২৬ - ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম

তিন যুগের অবসান: রাবি স্টেশনে থামল ট্রেন, শিক্ষার্থীদের উল্লাস

  • আপডেট: Sunday, October 25, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে দুটি আন্তঃনগর ট্রেন—’সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ও ‘তিতুমীর এক্সপ্রেস’।

প্রায় তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেন দুটি স্টেশনে থামতেই আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

গত শনিবার রাতে ব্যান্ড পার্টি বাজিয়ে এবং ট্রেনের যাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করে ট্রেন দুটিকে অভ্যর্থনা জানানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে আয়োজিত এ উদযাপনে পুরো স্টেশন এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেল মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাথমিকভাবে দুটি ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে অন্যান্য আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির বিষয়েও আলোচনা চলছে। তবে এ সুবিধা দীর্ঘমেয়াদে চালু রাখতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরও জোর দিয়ে বলেন, নিয়ম মেনে টিকিট কেটে ভ্রমণ করতে হবে এবং রেল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ বজায় রাখতে হবে। এছাড়া মধুমতী, বনলতা ও পদ্মা এক্সপ্রেসের যাত্রাবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাটল বাসের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রাবি স্টেশনটি এতদিন কার্যত অকার্যকর থাকায় বিশেষ করে রাতের বেলায় যাতায়াতে সাধারণ শিক্ষার্থীদের রাজশাহী প্রধান রেলস্টেশন থেকে ক্যাম্পাসে ফিরতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হতো। নতুন এই সিদ্ধান্তের ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের যাতায়াত আগের চেয়ে অনেক সহজ ও নিরাপদ হবে।