ঢাকা | অক্টোবর ২৫, ২০২৬ - ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম

ফুটপাত দখলমুক্ত করে হকারদের পুনর্বাসন করা হবে: রাসিক প্রশাসক

  • আপডেট: Sunday, October 25, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করার কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি জানিয়েছেন, নাগরিকদের স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে।

রোববার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজারস্থ সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে রাসিক প্রশাসক সাহেববাজার কাঁচাবাজার, মাছপট্টি, মাংসপট্টি, কসাইখানা এবং মার্কেটের দ্বিতীয় তলার পরিত্যক্ত দোকানগুলো সরেজমিনে ঘুরে দেখেন। এসময় তিনি হকারদের পুনর্বাসনের উপযুক্ত স্থান নির্ধারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।

সাংবাদিকদের রাসিক প্রশাসক বলেন, রাজশাহী মহানগরীকে শুধু নামেই নয়, বাস্তব অর্থেই ক্লিন ও গ্রিন সিটিতে পরিণত করতে চাই। ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি পেলেও আমি ভীত নই। জীবন থাকা পর্যন্ত রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, দখলমুক্ত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।

তিনি আরও জানান, সাহেববাজার কাঁচাবাজার ও মাছপট্টির দ্বিতীয় তলায় ৮৯টি দোকান অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। এগুলো কার্যকরভাবে ব্যবহার উপযোগী করা কিংবা মার্কেটটি নতুনভাবে আধুনিকায়ন করা যায় কি না, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। পরিদর্শনকালে রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজুসহ কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন:

এদিকে, রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ১২৩৬তম দলে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক  মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, আলেম-ওলামা ও ইমাম-মুয়াজ্জিনগণ সমাজে দ্বীনি শিক্ষা প্রচার, নৈতিকতা গঠন এবং সামাজিক মূল্যবোধ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সমাজে তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে কেউ যেন ধর্মীয় পরিচয়ের কারণে কোনো বৈষম্য বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ইমাম প্রশিক্ষণ একাডেমি রাজশাহীর উপ-পরিচালক ডা. আসেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর বিভাগীয় পরিচালক এ. কে. এম মুজাহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী নগরীর বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস