ঢাকা | অক্টোবর ২৫, ২০২৬ - ১১:১২ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, October 25, 2026 - 10:27 pm

স্টাফ রিপোর্টার: ‘ভূমিসেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে।

ভূমিসেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি, অযথা বিলম্ব কিংবা অনিয়মের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সরকারি রাজস্ব আদায়ে গাফিলতি, ভূমি ব্যবস্থাপনায় অনিয়ম এবং সেবাপ্রার্থীদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত, সহজ ও নির্ভুল সেবা নিশ্চিত করাই হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, ডিজিটাল ভূমিসেবার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, খাসজমি ব্যবস্থাপনা, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।

সরকারি জমি ও সম্পত্তি রক্ষায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। প্রতিটি কাজ নির্ধারিত আইন ও বিধিবিধান অনুসরণ করে সম্পন্ন করতে হবে। সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন, সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকারসহ (এসএ ও ভিপি শাখা) রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে জেলার ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব প্রশাসনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি, ভূমিসংক্রান্ত সেবার মানোন্নয়ন, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন, জনসাধারণের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং ভূমিসেবা প্রদানে দীর্ঘসূত্রতা পরিহারের নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসনের আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে রাজশাহীর ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার পাশাপাশি ডিজিটাল ভূমিসেবার কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।