ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ২:০১ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে এনজিও কর্মির দুইলাখ টাকা ছিনতাই

  • আপডেট: Thursday, April 23, 2026 - 10:30 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে ফিল্মী স্টাইলে চাপাতি দিয়ে কুপিয়ে দুই এনজিও কর্মির টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার নান্দোপাড়া ব্রিজে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন এনজিও সংস্থা বিজ-এর দুর্গাপুর উপজেলাসদর ব্রাঞ্চের ফিল্ড অফিসার বগুড়া সদর উপজেলার শাহিনুর রহমান শাহিন (২৯) ও নওগাঁ মান্দা উপজেলার মনিরা খাতুন (২৮)।

এদের মধ্যে গুরুতর হওয়ায় শাহিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুইজনই দুর্গাপুর উপজেলা সদর এনজিও সংস্থা ব্রিজ এ ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ব্রিজ এ কর্মরত আহত মনিরা খাতুন বলেন, সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ফিল্ড শেষে তিনি দুপুর ১টার দিকে ভ্যানগাড়িতে করে দুর্গাপুর সদর ব্রাঞ্চ অফিসে ফিরছিলেন। পথে নান্দোপাড়া ব্রিজে সহকর্মী শাহিন তেল ফুরিয়ে যাওয়ায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। আমি ভ্যানগাড়ি থেকে নেমে সহকর্মী শাহিনের সঙ্গে কথা বলতেই একটি মোটরসাইকেলে দুই অজ্ঞাত ব্যাক্তি মাথায় হেলমেট ও মুখে কালো মাস্ক পরে আমাকে চাকু নিয়ে আক্রমণ করে।

আমি হাতে থাকা ব্যাগ দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে মাটিতে পড়ে যাই। এসময় সহকর্মী শাহিন এগিয়ে আসলে তাদের সঙ্গে থাকা অপর ব্যাক্তি শাহিনকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। এক পর্যায়ে তারা আমার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তার ব্যাগে এক লক্ষ ওপরে টাকা ও দুটি মোবাইল ফোন ছিল বলে তিনি দাবি করেন। তিনি বলেন ঘটনাটি জনসম্মুখে হলেও ভয় বা আতংকে একটি মানুষও এগিয়ে আসেনি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরবেলা কোন কিছু বুঝে উঠার আগেই এমন ঘটনা ঘটে গেছে। ওই নারী কর্মি ভ্যান থেকে নামতেই মোটরসাইকেল থেকে দুই ব্যক্তি তাকে আক্রমণ করেন। এতে নারী কর্মিকে মারধোর করা হলেও তার সহকর্মীকে কোপানো হয়েছে। তাৎক্ষণিক আক্রমণকারী দুই ব্যক্তি পালিয়ে যান। এলাকার লোকজন ভয়ে তাদের প্রতিহত করার সাহস পাননি।

এনজিও সংস্থা বিজ এর দুর্গাপুর উপজেলাসদর ব্রাঞ্চের ম্যানেজার আব্দুল হাকিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার ব্রাঞ্চের ফিল্ড অফিসার মনিরা ও শাহিনের কাছ থেকে অজ্ঞাত দুই ছিনতাইকারী দুই লাখ টাকার ওপরে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছেন। এসময় নারী কর্মি মনিরাকে চাকু মারলেও ভাগ্যক্রমে ব্যাগ দিয়ে প্রতিহত করলেও শাহিনকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্নক জখম করেছে। আমরা তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি।

ম্যানেজার আরও বলেন, আক্রমনকারী দুই ব্যক্তির মাথায় হেলমেট ও মুখে কালো কাপড় থাকায় তাদের কেউ চিনতে পারেনি।  এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দায়ের করবো বলে প্রস্তুতি নিয়েছি। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। অন্য একটি ঘটনায় ওই সময় বাইরে থাকায় ঘটনাস্থলে যাওয়া হয়নি। ঘটনাস্থলে গিয়ে দেখে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।