৩৬ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: মহানগরীতে অভিযান চালিয়ে ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গত বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদিয়া পশ্চিমপাড়া গ্রামের একটি বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার শাহাজাহান আলী হলেন নগরীর তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। একই ঘটনায় গ্রেপ্তার রিদওয়ান ইসলাম ওরফে হৃদয় হলেন শাহাজাহান আলীর ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে মহানগরীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। উদ্ধারকৃত গাঁজাগুলো বিক্রির উদ্দেশে ওই বাড়িতে মজুত করে রাখা হয়েছিল বলেও তারা জানিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।











