ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে ৪ হত্যার ঘটনায় অভিযুক্ত ভগ্নিপতির বাড়িতে গ্রামবাসীর আগুন

  • আপডেট: Thursday, April 23, 2026 - 10:11 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুস সামাদ নামের একজনের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

গত বুধবার দুপুরে বাহাদুরপুর গ্রামে এ ধটনা ঘটে। আব্দুস সামাদ নিহত হাবিবুর রহমানের ভগ্নিপতি। হাবিবুর রহমান, তাঁর স্ত্রী ও তাদের দুই সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় আব্দুস সামাদ, তাঁর ছেলে সবুজ রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পাড়াপড়শীদের সুত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে আব্দুস সামাদ ও তাঁর ছেলে সবুজ রানা সোমবার দিবাগত মধ্যরাতে হাবিবুর, তাঁর স্ত্রী পপি সুলতানা, ৯ বছর বয়সী ছেলে পারভেজ হোসেন ও ৩ বছর বয়সী কন্যা সাদিয়াকে গলা কেটে হত্যা করে। পুলিশের কাছে আটকের পর জিঞ্জাসাবাদে তাঁরা তাদের দায় স্বীকার করেছেন।

দায় স্বীকারের ঘটনা জানাজানি হলে সকাল দশটার দিকে ওই গ্রামের বিক্ষুব্ধ এলাকাবাসী আব্দুস সামাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এসময় ওই বাড়িতে কেউ ছিলনা। এলাকাবাসীর দেয়া আগুনে মাটি ও টিনের চালার একতলা বিশিষ্ট বাড়িটির ঘরের ভিতরের আশবাবপত্র পুড়ে গেছে।

এ ঘটনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, চাঞ্চল্যকর এ হত্যাকান্ডে আটককৃতরা জড়িত থাকার বিষয়টি এলাকাবাশী জানতে পারলে উত্তেজিত হয়ে তারা ঘাতকের বাড়িতে আগুন দিয়েছে। ঘটনাটি জানার পর পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিয়ামতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সাহাদাত জানান, বুধবার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে বাড়ির প্রাচির ও ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নিয়ামতপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহত গৃহবধু পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন।

 বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ওসি জানান, নিহত পপি সুলতনার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাকনামা ব্যক্তিদের আসামী করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।