ঢাকা | এপ্রিল ২২, ২০২৬ - ৭:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

শুভেচ্ছায় সিক্ত ইঞ্জিনিয়ার শাকিল: একতাবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয়

  • আপডেট: Wednesday, April 22, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী নেতা ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল। মোট ভোটের প্রায় ৪৩ শতাংশ পেয়ে তার এই বড় বিজয়কে কেন্দ্র করে গত তিন দিন ধরে বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত তার ব্যবসায়িক কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত মহানগরীর বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার শাকিলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিজয় পরবর্তী এই ধারাবাহিক শুভেচ্ছা বিনিময়ে অংশ নিয়ে নবনির্বাচিত এই পরিচালককে শুভকামনা জানান চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

ইঞ্জিনিয়ার শাকিলের ব্যবসায়িক কার্যালয়ে অভিনন্দন জানাতে আসা উল্লেখযোগ্য সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ফার্নিচার মালিক সমিতি রাজশাহী, বিসিক বেকারি মালিক সমিতি, সরদার রিয়েল এস্টেট, অগ্রনী প্রেস, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রাজশাহী জোনাল অফিস, রাজশাহী মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড যুব বিভাগসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে আগত সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল।

তিনি বলেন, “চেম্বারের সম্মানিত সদস্যরা যে আস্থা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, আমি তার মর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমেই আমি এই ভালোবাসার প্রতিদান দিতে চাই।”

তিনি আরও উল্লেখ করেন, রাজশাহীর ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন ও ব্যবসায়ীদের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। এই লক্ষ্য অর্জনে তিনি চেম্বারের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা, নিরবচ্ছিন্ন যোগাযোগ এবং দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

সাক্ষাৎকার ও শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।