রাজশাহীতে আজ রোববার শুরু হচ্ছে হাম-রুবেলা ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার: জাতীয় কর্মপরিকল্পনার অংশ হিসেবে আজ সোমবার রাজশাহী জেলায় শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস ২৯ দিন বয়সী সকল শিশুকে এক ডোজ এম-আর (মিজলস-রুবেলা) ভ্যাকসিন প্রদান করা হবে।
উপজেলা পর্যায়ে এ টিকাদান কার্যক্রম চলবে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত। এ সময়ে কমিউনিটি পর্যায়ে ৮ দিন এবং স্কুলভিত্তিক ৩ দিন টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। রাজশাহী জেলায় এবার মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৯৭৬ জন শিশু। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ১ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন এবং স্কুল পর্যায়ে ১৩ হাজার ৫৯৭ জন শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে।
ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জেলায় মোট ২ হাজার ১৬৭টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫৭৩টি স্কুলভিত্তিক কেন্দ্র, ১ হাজার ৫৮৪টি আউটরিচ কেন্দ্র এবং ১০টি স্থায়ী কেন্দ্র রয়েছে।
উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে বাগমারা উপজেলায় ৩০ হাজার ৯৮৬ জন, পবা উপজেলায় ২৭ হাজার ৬৭০ জন, চারঘাটে ১৮ হাজার ৯৬৬ জন, তানোরে ১৭ হাজার ৮৮২ জন, পুঠিয়ায় ১৭ হাজার ৮৫৪ জন, দুর্গাপুরে ১৭ হাজার ১৬৩ জন, বাঘায় ১৪ হাজার ৮১২ জন এবং মোহনপুর উপজেলায় ১৩ হাজার ২৪৪ জন শিশু। গোদাগাড়ী উপজেলায় ৫ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম চলছে, ২৫ এপ্রিল এই কার্যক্রম শেষ হবে। এই উপজেলায় টার্গেট ৩৭ হাজার ৯৫৪ জন এবং গোদাগাড়ী পৌরসভায় টার্গেট ৫ হাজার ৪৪৫ জন।
রোববার নিজ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে রাজশাহীর সিভিল সার্জন এস আই এম রাজিউল করিম বলেন, হাম ও রুবেলা শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংক্রামক রোগ। এ কারণে ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা কামনা করা হয়েছে।
এছাড়া অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এম-আর ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা, শিশু মৃত্যুহার হ্রাস এবং হাম-রুবেলা প্রতিরোধে এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।











