ঢাকা | নভেম্বর ২৮, ২০২৬ - ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বক্তারা: পদ্মা ব্যারেজ চালু হলে ঘুচবে বরেন্দ্র অঞ্চলের খরা

  • আপডেট: Saturday, November 28, 2026 - 10:02 pm

স্টাফ রিপোর্টার: দ্রুত সময়ের মধ্যে বহুল প্রতীক্ষিত ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন উত্তরাঞ্চলের নদী গবেষক, কৃষিবিদ ও প্রকৌশলীরা।

বক্তাদের মতে, মেগা এই প্রকল্পটি বাস্তবায়িত হলে তা কেবল দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও বরেন্দ্র অঞ্চলের কৃষি ও পরিবেশের সুরক্ষাই দেবে না, বরং জাতীয় জিডিপিতে সরাসরি ০.৪৫ শতাংশ অবদান রাখার পাশাপাশি প্রতি বছর দেশকে প্রায় ৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা এনে দেবে।

শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে ‘পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং বারনই, হোজা ও বড়াল নদী দখল ও দূষণমুক্তকরণ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এই বার্তা দেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এতে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের সুধী সমাজ, শিক্ষক, কৃষিবিদ, নদী বিশেষজ্ঞ ও প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

বাপা রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

মূল প্রবন্ধে বলা হয়, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার ও মেগা প্রতিশ্রুতি ছিল এই পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। সরকার গঠনের পরপরই রাজবাড়ীর পাংশায় প্রকল্পটির প্রথম পর্যায়ের অনুমোদন দেয়ার মাধ্যমে সেই অঙ্গীকার আজ বাস্তব রূপ নিতে যাচ্ছে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, সরকারের ইশতেহারে পরিবেশ সংরক্ষণ, নদীভাঙন রোধ, কৃষি সেচের আধুনিকায়ন এবং উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা দূরীকরণের যে রূপরেখা দেয়া হয়েছিল, এই প্রকল্প তার সঙ্গে শতভাগ সামঞ্জস্যপূর্ণ।

প্রবন্ধে আরও উল্লেখ করা হয়, ফারাক্কার একতরফা প্রভাবের কারণে পদ্মার পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় দেশের এক-তৃতীয়াংশ এলাকা সরাসরি মরুপ্রক্রিয়ার মুখোমুখি হয়েছে। গড়াই, বড়াল, মধুমতির মতো শাখা নদীগুলো শুকিয়ে যাচ্ছে। রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ নির্মিত হলে পদ্মার মূল প্রবাহে পানির উচ্চতা ও নাব্যতা বাড়বে। এর ফলে বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের তীব্র খরা মোকাবিলা এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখা সম্ভব হবে।

সমীক্ষার তথ্য তুলে ধরে প্রবন্ধে জানানো হয়, ব্যারেজটি চালু হলে জাতীয় জিডিপিতে সরাসরি ০.৪৫ শতাংশ অবদান রাখবে এবং প্রতি বছর দেশ প্রায় ৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাবে। এ ছাড়া উত্তর-রাজশাহী সেচ প্রকল্পের আওতায় রাজশাহীর গোদাগাড়ী পয়েন্টে ইনটেক স্ট্রাকচার ও সেন্ট্রাল পাম্প স্টেশন স্থাপন করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বিশাল খরাপ্রবণ আবাদি জমি সেচের আওতায় আনা সম্ভব হবে। সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা চারটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন।

সেগুলো হলো— পদ্মা ব্যারেজ বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দ নিশ্চিত করা; প্রথম পর্যায়ের কাজ শুরুর সাথে সাথেই দ্বিতীয় পর্যায়ের কার্যকর পরিকল্পনা গ্রহণ করা; ব্যারেজ নির্মাণ-পরবর্তী সময়ে বরেন্দ্র অঞ্চলের জন্য ‘উত্তর-রাজশাহী সেচ প্রকল্প’ ও ‘বড়াল অববাহিকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’ দ্রুত বাস্তবায়ন করা এবং বরেন্দ্র অঞ্চলের ব্যক্তিমালিকানাধীন পুকুর, জলাশয় ও দিঘি প্রয়োজনে অধিগ্রহণের মাধ্যমে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা।

মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অবসরপ্রাপ্ত মহাপরিচালক মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক  মোতাহার হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রকৌশলী জাহিদ, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা ও অধ্যাপক মর্জিনা বেগম।

এ ছাড়া বিএমডিএ’র প্রকৌশলী হারুন অর রশিদ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নওগাঁর আত্রাইয়ের ফরিদুল আলম পিন্টু, নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, এনজিও ব্যক্তিত্ব আফজাল হোসেন ও মফিজ উদ্দিন সরকার প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বরেন্দ্রভূমির প্রাণরেখা উত্তর-রাজশাহী সেচ প্রকল্প এবং মৃতপ্রায় বড়ালসহ অন্যান্য ক্ষুদ্র নদীগুলোর টেকসই পুনরুজ্জীবনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সোনালী/জগদীশ রবিদাস