ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি রক্ষায় ভূমিমন্ত্রীর কাছে স্মারকলিপি
স্টাফ রিপোর্টার: বারবার ভাঙার চেষ্টা ও সংরক্ষণ উদ্যোগ আটকে থাকায় হুমকির মুখে পড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের রাজশাহীর পৈতৃক বসতভিটা সংরক্ষণের দাবি জানিয়েছেন চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।
গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর কাছে এ-সংক্রান্ত একটি স্মারকলিপি দেওয়া হয়। মন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে দেখে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নগরের মিঞাপাড়ায় অবস্থিত এই পৈতৃক বাড়িতে ঋত্বিক ঘটকের শৈশব ও কৈশোর কেটেছে। ২০০৮ সাল থেকে ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদ সেখানে নিয়মিত চলচ্চিত্র উৎসব করে আসছে। ২০১৯ সালে প্রতিবাদের মুখে বাড়িটি ভাঙার উদ্যোগ বন্ধ হলেও ২০২১ সালে অর্থ বরাদ্দের অভাবে সরকারি সংরক্ষণ পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
পরবর্তীতে ২০২৪ সালের আগস্টে অবশিষ্ট কক্ষগুলো ভেঙে ফেলা হয় এবং সর্বশেষ গত ১৭ নভেম্বর পরিষ্কারের নামে টিকে থাকা অংশের একটি দেয়ালও ভেঙে ফেলা হয়েছে।
এ অবস্থায় পাঁচ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— বাড়ি ভাঙার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করা; অবশিষ্ট ০.১৬০৩ একর জমি অবমুক্ত করে সীমানাপ্রাচীর ও গেট নির্মাণ; ১৯৮৭-৮৮ সালে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের অনুকূলে দেওয়া জমির ইজারা পুনর্বিবেচনা বা বাতিল করে সরকারি অধীনে সংরক্ষণ; এবং দীর্ঘমেয়াদে সেখানে চলচ্চিত্রকেন্দ্র, ফিল্ম ইনস্টিটিউট, সংগ্রহশালা, জাদুঘর, সিনেপ্লেক্স ও গ্রন্থাগারসহ বহুতল ‘ঋত্বিক কমপ্লেক্স’ নির্মাণ।
স্মারকলিপি দেওয়ার সময় ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহীর সদস্য, চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা বিষয়টিকে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ব হিসেবে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সোনালী/জগদীশ রবিদাস











