ঢাকা | নভেম্বর ২৮, ২০২৬ - ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম

বরেন্দ্র অঞ্চলে ১৭ হাজার নলকূপ সৌরবিদ্যুতে রূপান্তরের উদ্যোগ

  • আপডেট: Saturday, November 28, 2026 - 10:05 pm

স্টাফ রিপোর্টার: সৌরবিদ্যুৎ, নেট মিটারিং ও ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থাকে আরও আধুনিক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে কাজ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।

এর অংশ হিসেবে শনিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কলিপুর মৌজায় সৌরশক্তিচালিত গভীর নলকূপ ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের মাঠপর্যায়ের অগ্রগতি পরিদর্শন করেন বিএমডিএ’র চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন (সচিব পদমর্যাদা) ও নির্বাহী পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২)।

পরিদর্শনকালে বিএমডিএ চেয়ারম্যান হাসান জাফির তুহিন বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়ন ও সেচ ব্যয় কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় ১৭ হাজার গভীর নলকূপ সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নিয়েছেন। আগামী এক বছরের মধ্যে এসব নলকূপ সৌরবিদ্যুতে রূপান্তর করা গেলে কৃষকের সেচ খরচ কমার পাশাপাশি সেচযন্ত্রের চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে দুই থেকে তিন দফা আলোচনা হয়েছে এবং তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

নির্বাহী পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান জানান, বিএমডিএ’র আওতায় পরিচালিত প্রায় ১৭ হাজার সেচযন্ত্র পর্যায়ক্রমে সৌরবিদ্যুতে আনা ও নেট মিটারিং চালুর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রায় ৬৯২টি সেচযন্ত্রে সৌরায়ন ও ২৫৩টিতে নেট মিটারিং চালু হয়েছে। পাশাপাশি প্রি-পেইড সেচ ব্যবস্থাকে ক্যাশলেস ও কার্ডলেস করা, কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা চালু এবং ১০ হাজার সেচযন্ত্রে ট্রান্সফরমার গার্ড স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

বিএমডিএ সূত্রে জানা যায়, ২০০৪-০৫ অর্থবছর থেকে চালু হওয়া স্মার্ট কার্ডভিত্তিক প্রি-পেইড সেচ ব্যবস্থার আওতায় প্রায় ছয় লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে এবং বর্তমানে প্রায় ৯০০ ডিলার ও ৭৮টি ভেন্ডিং স্টেশনের মাধ্যমে রিচার্জ কার্যক্রম চলছে। পরিদর্শনে বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকারসহ স্থানীয় কৃষক, অপারেটর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস