প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা রয়েছে: ভূমিমন্ত্রী
স্টাফ রিপোর্টার: রাজশাহীর অন্যতম সম্ভাবনাময় খাত প্রাণিসম্পদ এবং এ খাতে কর্মসংস্থান সৃষ্টির বিশাল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, এ অঞ্চলের মানুষ পশুপালন ও পোল্ট্রিসহ বিভিন্ন খামার গড়ে তুলে নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছেন, তেমনি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী শিশু একাডেমি প্রাঙ্গণে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন ও প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যে ভূমিমন্ত্রী আরও বলেন, প্রাণিসম্পদ খাতে রাজশাহী ইতোমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। কৃষিনির্ভর এ অঞ্চল থেকে প্রতিদিন শত শত ট্রাক তাজা মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যায়। এ ছাড়া দেশের অন্যতম বৃহৎ পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে সপ্তাহে দুই দিন কয়েকশ ট্রাকে গরু, মহিষ ও ছাগল দেশের অন্য অঞ্চলে সরবরাহ করা হয়। এ শিল্প খাতকে আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রাণিসম্পদ খাত বাংলাদেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। দুধ, ডিম ও মাংস উৎপাদনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও বাণিজ্যিকভাবে লাভজনক করতে খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশুপালন, রোগ প্রতিরোধ এবং আধুনিক ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। রাজশাহীর কৃষি ও প্রাণিসম্পদ খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক কে. এম. মোজাফফর হোসেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী এবং জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতোয়ার রহমান। এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে নগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সার্কিট হাউজের সামনে দিয়ে প্রদক্ষিণ করে রাজশাহী শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন অংশ নেন।
পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রীসহ অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে রাজশাহী জেলার সেরা দশজন খামারি উদ্যোক্তার হাতে মেডেল, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সোনালী/জগদীশ রবিদাস











