রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে পরপর দুই দিন পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ওই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
সর্বশেষ শনিবার গভীর রাতে নগরীর মতিহার থানাধীন (পবা উপজেলার পারিলা ইউনিয়নের) খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে হামলা চালায় একদল দুর্বৃত্ত।
পল্লী বিদ্যুৎ সমিতি ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ২টার দিকে মুখ বাঁধা অবস্থায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত খড়খড়ি উপকেন্দ্র (অভিযোগ কেন্দ্র) কার্যালয়ে প্রবেশ করে। তারা সেখানে গান পাউডার ছিটিয়ে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয় এবং চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। বিস্ফোরণে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে গেলে দায়িত্বরত কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল জানান, আগের দিনের হামলার পর নিরাপত্তার স্বার্থে থানায় এফআইআর করা হয়েছিল এবং নিজস্ব প্রহরীর সংখ্যা দুজন থেকে বাড়িয়ে চারজন করা হয়েছিল। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়। ঘটনার সময় নিজস্ব কর্মীরা পাহারায় ছিলেন। খবর পাওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও দুর্বৃত্তরা খুব অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যায়।
নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা থাকলেও হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তারা পিস্তল দিয়ে গুলি ছুড়ে ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরপর দুই দিন এমন হামলার ঘটনায় কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং রাতে দায়িত্ব পালন করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, প্রথম দিনের হামলায় পেট্রোল বোমা ছোড়া হলেও আগুন লাগেনি, তাই দ্বিতীয় দিন আবারও হামলা চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত পেট্রোল বোমার আলামত উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও ফায়ার সার্ভিস ও কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসার পর সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে বিদ্যুৎ সরবরাহের মতো জরুরি সেবাপ্রতিষ্ঠানে বারবার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। তারা পল্লী বিদ্যুৎ কার্যালয় ও উপকেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ও পুলিশি টহল জোরদারের পাশাপাশি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সোনালী/জগদীশ রবিদাস











