ঢাকা | নভেম্বর ২৭, ২০২৬ - ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম

রাত ১০টার পর রাবির প্রধান ফটক বন্ধ রাখার নির্দেশনা

  • আপডেট: Friday, November 27, 2026 - 10:20 pm

স্টাফ রিপোর্টার: ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করতে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন নিয়ম চালু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

গত বৃহস্পতিবার প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন রাত ১০টায় প্রধান ফটক (মেইন গেট) ও চারুকলা গেট বন্ধ করে দেয়া হবে এবং এরপর এসব ফটক দিয়ে কোনো যানবাহন ঢুকতে পারবে না।

তবে রাত ১০টার পর যানবাহন চলাচলের জন্য কাজলা, বিনোদপুর ও স্টেশন বাজার ফটক খোলা থাকবে।

এ ছাড়া কর্মদিবসে বিকেল ৫টার পর এবং ছুটির দিনে সারা দিন ফুট ফাইবার গেট বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যানবাহনে প্রক্টর অফিস থেকে সংগৃহীত স্টিকার লাগানো এবং সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা এড়িয়ে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।