সোলার প্যানেলে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ, নগরবাসীকেও সম্পৃক্ত করবে রাসিক
স্টাফ রিপোর্টার: মহানগরীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
এই লক্ষ্যে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার বিকেলে নগর ভবনে প্রশাসকের দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন।
এরই অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ের পাশাপাশি ব্যক্তিপর্যায়েও সৌরবিদ্যুৎ উৎপাদনে নগরবাসীকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন প্রশাসক।
তিনি বলেন, সোলার সিস্টেমের উপকারিতা ও সম্ভাবনা সম্পর্কে নাগরিকদের অবহিত করে তাঁদের উদ্বুদ্ধ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমাতে এই উদ্যোগে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
মতবিনিময় সভায় নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, প্রধান প্রকৌশলী মিজানুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম চৌধুরী ও ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন। এছাড়া রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু এবং সহকারী প্রকৌশলী সফিকুল হাসান ও জেসমিন সুলতানা সভায় অংশ নেন।











