রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪৬ মাদক ও বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার
স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জের বিভিন্ন জেলায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্যের পাশাপাশি একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও বিস্ফোরকসদৃশ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে গত বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪৫টি অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ১৪৬ জনের মধ্যে পরোয়ানামূলে ৫৩ জন, সাজাপ্রাপ্ত ১৭ জন, তদন্তাধীন মামলায় ৭২ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ঘটনায় ৪ জন রয়েছেন; যার মধ্যে মাদক ব্যবসায়ী ও সেবী রয়েছেন ১৮ জন। অভিযানে ১৯টি টিনের ভাঁজা কৌটা, ৯টি লাল কসটেপ, ৫টি কালো কসটেপ, বোমা তৈরির কুটি পাথর, ১টি হাসুয়া, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১টি তাজা গুলি উদ্ধার হয়।
এ ছাড়া ১২.৫ গ্রাম হেরোইন, ১,১৫২ পিস ইয়াবা, ৬৫ পিস টাপেন্টাডল, ১০০ গ্রাম গাঁজা ও ২০ বোতল কফ সিরাপ জব্দ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে ৫০টি মামলা হয়েছে (অন্যান্য খাতে ৪৭টি, চুরি ২টি ও দস্যুতা ১টি) এবং অপমৃত্যুর ঘটনা ঘটেছে ৬টি। পাশাপাশি ২৪ ঘণ্টায় ৯৯৮ জন এবং চলতি মাসে ২৫ হাজার ১২২ জন নাগরিক পুলিশি সেবা পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।











