ঢাকা | নভেম্বর ২৭, ২০২৬ - ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম

বিনিয়োগ বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক: রাজশাহীতে ডেপুটি গভর্নর

  • আপডেট: Friday, November 27, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড হাবিবুর রহমান বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ঋণের সুদহার, বেসরকারি খাতে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানোর বিষয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

শুক্রবার সকালে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) মুদ্রানীতি প্রণয়নে রাজশাহী অঞ্চলের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, মুদ্রানীতি প্রণয়নের মূল উদ্দেশ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। রাজশাহী অঞ্চল রেশম, আম, মৎস্যসহ কৃষির অন্যান্য খাতে উদ্বৃত্ত উৎপাদন করে আসছে। এ অঞ্চলে আয়োজিত মতবিনিময় সভার সূচিন্তিত, বাস্তবসম্মত ও কার্যকরী মতামত ২০২৬-২০২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের মুদ্রানীতি প্রণয়নে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সরকারের রাজস্বনীতির সাথে সমন্বয় রেখে একটি বাস্তবমূখী মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে উপস্থিত অংশীজনের মতামত গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজসমূহ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, রাজশাহী জেলার কৃষি সম্ভাবনা অপার হওয়া সত্ত্বেও কৃষি ঋণের বিতরণ লক্ষ্যমাত্রা যথাযথভাবে অর্জিত হচ্ছে না। তিনি উত্তরবঙ্গের জন্য ঘোষিত ৩ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিমের বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিত হওয়ার জন্য অনুরোধ জানান।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ বলেন, দেশের অর্থনীতির বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা দিয়ে জাতীয় অর্থনীতিতে রাজশাহীর আঞ্চলিক অবদান ও সম্ভাবনার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ে মূল উপস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মনিটারি পলিসি ডিপার্টমেন্টের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার মুদ্রানীতির ধারণা, প্রক্রিয়া, বিভিন্ন উপকরণ ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেন।

সভার পরবর্তী পর্যায়ে অংশীজনেরা বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রশ্ন উত্থাপন করেন। এ অঞ্চলের রেশম, মৎসচাষে বিদ্যমান সমস্যাসমূহ, নীতি সহায়তা, বেসরকারী খাতে ঋণের প্রবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও মতামত ডেপুটি গভর্নর গ্রহণ করেন এবং উত্থাপিত প্রশ্নের উত্তর প্রদান করেন।

বাংলাদেশ ব্যাংকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী পরিচালক বদিউজ্জামান দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) ডক্টর ইমাম আবু সাঈদ, পরিচালক (গবেষণা) ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার ও বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী।