ঢাকা | নভেম্বর ২৭, ২০২৬ - ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম

বদলগাছীতে সরকারিভাবে আমন ধান-চাল সংগ্রহ শুরু

  • আপডেট: Friday, November 27, 2026 - 10:04 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

শুক্রবার উপজেলা খাদ্যগুদাম চত্বরে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “প্রান্তিক কৃষকেরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যেই সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করছে। সরকারি নীতিমালা শতভাগ অনুসরণ করে প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হচ্ছে কি না, তা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে তদারকি করতে হবে। এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে আমি গণমাধ্যম কর্মীদেরও বিশেষভাবে নজরদারি রাখার আহ্বান জানাচ্ছি। এ উদ্যোগ সফল হলে কৃষকেরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি দেশের সামগ্রিক খাদ্যনিরাপত্তাও আরও সুদৃঢ় হবে।”

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বদলগাছী উপজেলায় সরকারিভাবে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৮৪৪ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ১৪৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। শুক্রবার শুরু হওয়া এ সংগ্রহ অভিযান চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ ইমাম মোশারফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাঝহারুল আলম এবং উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) আতিকুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলামসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় কৃষক এবং চালকল মালিকেরা উপস্থিত ছিলেন।