ঢাকা | নভেম্বর ২৭, ২০২৬ - ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম

নবান্ন উৎসবে মিলিত তিন জেলার আদিবাসী জনগোষ্ঠী

  • আপডেট: Friday, November 27, 2026 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন উদ্যাপনে রাজশাহীতে দিনব্যাপী আদিবাসী নবান্ন উৎসব ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় নগরীর বাগানপাড়া এলাকার উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়।

উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও এবং সভাপতিত্ব করেন উৎসব উদ্যাপন কমিটির সভাপতি ফাদার ফাবিয়ান মারাণ্ডী। শেলী বিশ্বাস ও সুমী মুরমুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাবির লোকসংস্কৃতি ও সামাজিক উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রতন কুমার, বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল অ্যাকাডেমির পরিচালক কাঞ্চন সিং উরাঁও, ফাদার উইলিয়াম মুরমু, ফাদার প্রেমু টি. রোজারিও, ড. আরোক টপ্য ও ব্রাদার লিটন রিবেরু। সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়।

নবান্ন উৎসবের তাৎপর্য, কৃষিনির্ভর জীবনধারা ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, নওগাঁ ও দিনাজপুরের সাংস্কৃতিক দলগুলোর পরিবেশনায় নাচ, লোকসংগীত, ব্যান্ডসংগীত ও মাল-পাহাড়িয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পরিবেশনা মেলাকে প্রাণবন্ত করে তোলে। বক্তারা জাতিগত বৈচিত্র্যের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেন।