ঢাকা | নভেম্বর ২৭, ২০২৬ - ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম

ছয় মাসে উদ্ধার ২৮ আগ্নেয়াস্ত্র: অস্ত্রের ট্রানজিট রুট এখন রাজশাহী সীমান্ত

  • আপডেট: Friday, November 27, 2026 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: ভারতীয় সীমান্তঘেঁষা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীকে অবৈধ আগ্নেয়াস্ত্র চোরাচালানের নিরাপদ করিডোর হিসেবে ব্যবহার করছে সংঘবদ্ধ অপরাধী চক্র। দুর্গম পদ্মার চর পেরিয়ে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও পরিত্যক্ত মোটরসাইকেলের মতো নানা কৌশলে এসব অস্ত্র পৌঁছে যাচ্ছে খুলনা ও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন প্রান্তে।

সর্বশেষ এক সপ্তাহের ব্যবধানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনটি পৃথক অভিযানে ছয়টি বিদেশি পিস্তল উদ্ধার এবং এর আগে বিমানবন্দরের ফটক থেকে দুটি গ্রেনেড পাওয়ার ঘটনায় জনমনে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।

গত ছয় মাসে পুলিশ, র‌্যাব ও বিজিবির অভিযানে এ অঞ্চল থেকে অন্তত ২৮টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ছয় মাসে রাজশাহী অঞ্চলে উদ্ধার হওয়া ২৮টি আগ্নেয়াস্ত্রের মধ্যে এসআরবি ১৭টি অস্ত্র ও ১৬ কেজি গানপাউডার, জেলা পুলিশ ছয়টি বিদেশি পিস্তল এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাঁচটি অস্ত্র উদ্ধার করেছে। এর বাইরেও উদ্ধার হয়েছে বহু রাউন্ড গুলি ও ম্যাগাজিন।

পরিসংখ্যান বলছে, সীমান্তবর্তী বাঘা, চারঘাট ও গোদাগাড়ী উপজেলায় অস্ত্র উদ্ধারের প্রবণতা সবচেয়ে বেশি। পাশাপাশি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকাতেও বিদেশি পিস্তল ও রিভলভারের চালান ধরা পড়েছে।

সপ্তাহজুড়ে তিন অভিযানে ছয় পিস্তল:

সাম্প্রতিক অভিযানগুলো অপরাধী চক্রের তৎপরতার ভয়াবহতা সামনে এনেছে। গত ২০ নভেম্বর রাতে রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কের সরাইল চেকপোস্টে তল্লাশি চালিয়ে স্টেইনলেস স্টিলের তৈরি দুটি সেমি-অটোমেটিক বিদেশি পিস্তল ও গুলিসহ চাঁপাইনবাবগঞ্জের শাহীন ও পিংকি নামের দুজনকে আটক করে পুলিশ। পিস্তল দুটির গায়ে ‘ইউএসএ’ লেখা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, চালানটি খুলনায় পৌঁছে দেওয়ার কথা ছিল; তবে গন্তব্যে পৌঁছানোর পরই কেবল তাদের মূল প্রাপকের পরিচয় ও পরবর্তী নির্দেশনা দেয়ার কথা ছিল। এর আগে গত ১৬ নভেম্বর নগরীর সিটি হাট বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একই ধরনের দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে র‌্যাব। ওই ঘটনার সূত্র ধরে ২৩ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের বাড়ি থেকে আরও দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়।

বিমানবন্দরের ফটকে গ্রেনেড, দুই সপ্তাহেও অধরা জড়িতরা:

অস্ত্র উদ্ধারের ধারাবাহিক ঘটনার মধ্যেই গত ১০ নভেম্বর রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড পাওয়া যায়, যা নিরাপত্তায় বড় ধরনের প্রশ্ন তুলেছে। পরে পুলিশ ও র‌্যাবের যৌথ উদ্যোগে গ্রেনেড দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় মামলা হলেও দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, গ্রেনেড দুটি প্রাণঘাতী ফ্র্যাগমেন্টেশন ধরনের, যা বিস্ফোরিত হলে চারদিকে ধাতব টুকরা ছড়িয়ে পড়ে। গ্রেনেড দুটিতে চীনা ফিউজ লাগানো ছিল এবং এগুলো মিয়ানমার থেকে ভারত হয়ে বাংলাদেশে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ব্যাচসংক্রান্ত তথ্য মুছে ফেলায় এর প্রকৃত উৎস নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজীউর রহমান গণমাধ্যমকে জানান, তদন্তের স্বার্থে গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে না এবং এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। র‌্যাব-৫-এর অধিনায়ক ফয়সাল ইশতিয়াক সাংবাদিকদের জানান, এ ধরনের গ্রেনেড তারা এর আগে দেখেননি; তবে সম্প্রতি কক্সবাজারেও একই ধরনের গ্রেনেড পাওয়া গেছে এবং প্রতিবেশী একটি দেশে ব্যবহৃত গ্রেনেডের সঙ্গে এর বেশ মিল রয়েছে।

কৌশল বদলে চলছে অস্ত্র পরিবহন:

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অস্ত্র পরিবহনে প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে পাচারকারীরা। কখনো গণপরিবহন, কখনো ব্যক্তিগত যানবাহন, আবার কখনো সীমান্তবর্তী নির্জন চরাঞ্চল ও পরিত্যক্ত মোটরসাইকেলকে অস্ত্র লুকানোর মাধ্যম হিসেবে বেছে নেওয়া হচ্ছে। চলতি বছরের শুরু থেকেই এ ধরনের বেশ কয়েকটি বড় চালান ধরা পড়েছে।

গত ১৩ জানুয়ারি মহানগরীর শাহমখদুম থানার সিলিন্দা বটতলা এলাকা থেকে একটি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এর কয়েক দিন পর ১৯ জানুয়ারি সীমান্তসংলগ্ন পদ্মার চরে মাটির নিচে পুঁতে রাখা ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার হয়। পরের মাসে ৬ ফেব্রুয়ারি বাঘা উপজেলার রাউথা চর এলাকায় একটি পরিত্যক্ত মোটরসাইকেল থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি জব্দ করে বিজিবি।

অস্ত্র উদ্ধারের এই ধারাবাহিকতা পরবর্তী মাসগুলোতেও অব্যাহত ছিল। গত মার্চে চারঘাটের রাওথা বালুঘাট এলাকা থেকে একটি বিদেশি রিভলভার ও দুটি কার্তুজ এবং একই মাসে মহানগরীর দক্ষিণ নওদাপাড়া থেকে একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব-৫। এরপর মে মাসে পদ্মার তীরবর্তী নবগঙ্গা আইবাঁধ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার হয়। এ ছাড়া ২ জুন গোদাগাড়ীর রাজাবাড়িহাট এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। সে সময় পুলিশ জানিয়েছিল, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে আনা অস্ত্রগুলো কুষ্টিয়ায় পাচারের চেষ্টা চলছিল।

এসআরবির তথ্যমতে, গত ছয় মাসে তাদের হাতে উদ্ধার হওয়া ১৭টি অস্ত্রের মধ্যে নয়টি পিস্তলের গায়ে যুক্তরাষ্ট্রে তৈরি বলে উল্লেখ রয়েছে। তবে এগুলো আসলেই যুক্তরাষ্ট্রে তৈরি নাকি নকল সিল ব্যবহার করা হয়েছে, তা নিয়ে নিশ্চিত নন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

র‌্যাব-৫-এর অধিনায়ক ফয়সাল ইশতিয়াক জানান, ‘মেড ইন ইউএসএ’ লেখা থাকলেই অস্ত্রটি যুক্তরাষ্ট্রে তৈরি—এমনটি নিশ্চিত করে বলা যায় না, কারণ প্রতিবেশী দেশ থেকেও এ ধরনের অস্ত্র সংগ্রহের সুযোগ রয়েছে। ব্যালিস্টিক পরীক্ষার পরই এসব অস্ত্রের প্রকৃত উৎস ও ব্যবহার সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব।

অন্যদিকে অস্ত্র বহনকারীদের কাছে চূড়ান্ত গন্তব্য বা প্রাপকের পরিচয় না থাকার বিষয়টি একটি সুসংগঠিত যোগাযোগ নেটওয়ার্কের ইঙ্গিত দিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, প্রতিটি ঘটনায় একটি অভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে—চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্র এনে রাজশাহীকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে পাঠানোর চেষ্টা চলছে।

সার্বিক বিষয়ে রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশ তৎপর রয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সন্ত্রাসসহ নানা নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যেই ভারত থেকে এসব অস্ত্র আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গাজীউর রহমানও জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি অস্ত্রের উৎস ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এদিকে বিজিবি সীমান্তে টহল ও নজরদারি জোরদার করার কথা জানালেও অস্ত্র চোরাচালান প্রসঙ্গে সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সোনালী/জগদীশ রবিদাস