লালপুরে ফসলি জমির মাটি কাটায় ৩ জন আটক, ২টি ট্রাক্টর জব্দ
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটা ও পরিবহনের অপরাধে তিনজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় মাটি বহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর ও দুটি ব্যাটারি জব্দ করা হয়।
বুধবার ভোররাত পৌনে ৩টার দিকে উপজেলার মাধবপুর পালপাড়া কালিদুয়ার মাঠ এলাকায় (বি.এম.বি ইটভাটার উত্তর পাশে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা পাবনা জেলার সুজানগর থানার কুমিরাগাড়ি দহের পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আছিব হোসেন (২২), লালপুর থানার রামকৃষ্ণপুর মন্ডলপাড়া গ্রামের আজিজুল মন্ডলের ছেলে সজীব আহমেদ (২২) এবং একই থানার সন্তোষপুর গ্রামের আবুল হাসানের ছেলে সোহানুর রহমান সোহান (২১)।
লালপুর থানা পুলিশ সুত্রে জানা যায় মাধবপুর এলাকায় আরজ আলীর ইজারা নেয়া ফসলি জমি থেকে এক্সাভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে টপ সয়েল কেটে ট্রাক্টরে করে পরিবহন করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে মাটি পরিবহনকালে হাতেনাতে ওই তিনজনকে আটক এবং দুটি ট্রাক্টর ও দুটি ব্যাটারি জব্দ করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা দায়ের করে বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।











