পুঠিয়া-নলডাঙ্গা সড়ক আধুনিকায়নের উদ্যোগ
পুঠিয়া প্রতিনিধি: দীর্ঘদিনের দুর্ভোগ কাটতে যাচ্ছে রাজশাহীর পুঠিয়া ও নাটোরের নলডাঙ্গা উপজেলার কয়েক হাজার মানুষের। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা তাহেরপুর বাজার থেকে নলডাঙ্গা পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়ক আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৪২৮ টাকা।
বুধবার পুঠিয়ার তাহেরপুর বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে সড়কটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, তাহেরপুর বাজার থেকে নলডাঙ্গা পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়ক আধুনিকায়নের কাজ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৪২৮ টাকা। নির্মাণকাজ শেষ হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের মার্চ মাস।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে দুই উপজেলার মানুষের যাতায়াতে ভোগান্তি ছিল নিত্যদিনের। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়ত। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। কৃষকের উৎপাদিত ফসল বাজারে নেয়া এবং জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেয়ার ক্ষেত্রেও ভোগান্তি ছিল বেশি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, রাজশাহী জেলার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রদলের সভাপতি জুলফিকার রহমান ভুট্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।









