বৃষ্টি থামতেই ধান শুকাতে ব্যস্ত কৃষকরা
চারঘাট প্রতিনিধি: টানা বৃষ্টির পর আবহাওয়া পরিষ্কার হয়ে রোদ উঠায় স্বস্তি ফিরেছে রাজশাহীর চারঘাট উপজেলার কৃষকদের মাঝে। বৃষ্টিতে ভিজে যাওয়া কাটা আমন ধান শুকাতে ব্যস্ত সময় পার করছেন তারা। মাঠ, উঠান ও খোলা জায়গায় ধান ছড়িয়ে শুকানোর কাজে ব্যস্ত দেখা যাচ্ছে কৃষকদের। আবহাওয়া অনুকূলে আসায় ধান শুকিয়ে দ্রুত ঘরে তুলতে তৎপরতা বেড়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কোথাও কাটা ধান জমিতে স্তূপ করে রাখা হয়েছে, আবার কোথাও মাঠের খোলা জায়গায় ধান ছড়িয়ে শুকানো হচ্ছে। কয়েক দিনের বৃষ্টিতে ভিজে যাওয়া ধান রোদে শুকাতে কৃষকদের ব্যস্ততা চোখে পড়েছে। রোদ পাওয়ায় ধান শুকানোর কাজে গতি ফিরেছে। তবে ধান শুকাতে দেরি হলে গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কায় বাড়তি সতর্কতা অবলম্বন করছেন কৃষকরা।
উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালাবীপাড়া গ্রামের কৃষক আব্দুল মজিদ বলেন, বৃষ্টির কারণে কাটা ধান ভিজে গিয়েছিল। এখন রোদ পাওয়ায় ধান শুকানোর কাজ করছি। কয়েক দিন আবহাওয়া ভালো থাকলে ধান শুকিয়ে ঘরে তুলতে পারব। একই ইউনিয়নের পশ্চিমভাটপাড়া গ্রামের কৃষক নূর মোহাম্মদ বলেন, ধান কাটার পর বৃষ্টিতে ভিজে যাওয়ায় চিন্তায় ছিলাম। এখন রোদ থাকায় মাঠে ধান শুকাচ্ছি। ধান ভালোভাবে শুকাতে পারলে ক্ষতির পরিমাণ কমবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চারঘাট উপজেলায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৪৪৫ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ৫ হাজার ৪৫০ হেক্টর জমিতে। ইতিমধ্যে ১ হাজার ৮০০ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। গড় ফলন ধরা হয়েছে প্রতি হেক্টরে ৩ দশমিক ৮ টন। মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৫ দশমিক ৫ শতাংশ ধান শক্ত দানা পর্যায়ে, ৫১ দশমিক ৫ শতাংশ পাকা এবং ৩৩ শতাংশ ধান কর্তন সম্পন্ন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে চারঘাট উপজেলায় আমন ধানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৃষ্টির পর রোদ থাকায় কৃষকরা এখন কাটা ধান শুকানোর সুযোগ পাচ্ছেন। ধান শুকানো ও সংরক্ষণের ক্ষেত্রে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
সোনালী/জগদীশ রবিদাস











