ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ১০:৪২ অপরাহ্ন

পবা ও মান্দায় বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরন

  • আপডেট: Wednesday, November 25, 2026 - 10:16 pm

সোনালী ডেস্ক: খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পবা ও মান্দায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।

পবা উপজেলায় এ কর্মসূচির আওতায় উপজেলার ৮ হাজার ৪৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। বুধবার উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার ৫০০ জন কৃষককে সরিষার বীজ, ৮০০ জনকে মসুরের বীজ, ১০০ জনকে খেসারির বীজ এবং ৩০ জনকে অড়হরের বীজ দেওয়া হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ফসল চাষের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সারও সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নুরুন্নবী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহীনুল হক এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম।

মান্দা প্রতিনিধি জানান, মান্দা উপজেলায় ১৪টি ইউনিয়নের সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মাকে, বিএনপি নেতা নুর বক্স মণ্ডল, উপজেলা মহিলা দলের সহসভাপতি লায়লা আঞ্জুমান বানুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।