ঘূর্ণিঝড় আকভানের প্রভাব: চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় শাক-সব্জিসহ ধানের ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুদিনের বৃষ্টিতে চাঁইনবাবগঞ্জ ও নওগাঁয় শীতকালিন শাক-সব্জিসহ মাঠে কাটা আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। তবে, কৃষি বিভাগ বলছেন, বৃষ্টির কারণে ধান কাটায় ছেদ পড়লেও ধানের কোনো ক্ষতি হবে না। আবহাওয়া ঠিক হলেই কৃষকরা আবার ধান কাটা-মাড়াই শুরু করতে পারবেন।
সদর উপজেলার কৃষক শহিদুল ইসলাম জানান, জমির ধান কেটে শুকানোর জন্য জমিতেই রাখা হয়েছিল, সেই সব জমির ধান বৃষ্টির পানিয়ে ভিজে যাওয়ায় ধান ও চারার ব্যাপক ক্ষতি হয়েছে। কেননা পানির নীচে থাকায় এসব ধানে দাগ এবং চারা পচে নষ্ট হবে। ফলে এসব ধানের দাম বাজারে কম পাওয়া যাবে এবং নষ্ট চারা বিক্রি হবে না। অন্যদিকে, টমোটো, বেগুন, পালন, লালশাক পানিতে হেলে পড়েছে এবং গোড়া পচন ধরে ক্ষতির মধ্যে পড়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আমির আব্দুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান জানান, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত জেলায় গড় বৃষ্টি হয়েছে ৪৪.০৬ মিলিমিটার। আর ৭৭৩ হেক্টর জমির ফসল পানিতে আংশিক নিমজ্জিত হয়। বৃষ্টি থামলে জমির নালা কেটে দিলে পানি নেমে যাবে। এতে আমন ধানের কোনো ক্ষতি হবে না। আবহাওয়া ঠিক হলেই কৃষকরা আবার ধান কাটা-মাড়াই শুরু করতে পারবেন।
এদিকে বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি ও ভারী বৃষ্টিতে নওগাঁর বদলগাছী উপজেলায় আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হালকা বাতাস ও বৃষ্টির পানিতে মাঠের পাকা ও আধাপাকা ধান নুয়ে পড়েছে এবং নিচু জমিগুলো জলাবদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে শুকানোর জন্য মাঠে কেটে রাখা ধান পানিতে ভেসে পচন ধরার উপক্রম হওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা।
সরেজমিনে উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, টানা বর্ষণে নিচু এলাকার অধিকাংশ জমিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও ধানগাছ পানির নিচে তলিয়ে আছে, আবার কোথাও বাতাসে হেলে পড়া ধানের শিষ পানিতে ডুবে অঙ্কুরোদগম ও পচনের আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যাঁরা ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন। পানিতে ভাসতে থাকা সেই ধানগুলো এখন নষ্ট হওয়ার পথে। আবহাওয়া পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে চলতি মৌসুমে আমন উৎপাদন বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন চাষিরা।
উপজেলার বেগুনজোয়ার গ্রামের কৃষক দেলোয়ার হোসেন জানান, টানা বৃষ্টির কারণে তাঁদের এলাকার বিস্তীর্ণ ফসলি জমিতে পানি জমে গেছে। দ্রুত এই পানি নিষ্কাশন করা না গেলে ফসলের অপূরণীয় ক্ষতি হবে। একই চিত্র দেউলিয়া ও কাষ্টডোব গ্রামেও। সেখানকার কয়েকজন কৃষক আক্ষেপ করে বলেন, “তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হালকা বাতাস বইছে। অনেক কৃষক ধান কেটে শুকানোর জন্য মাঠেই ফেলে রেখেছিলেন। বৃষ্টির পানিতে সেই কাটা ধানগুলো এখন নষ্ট হতে বসেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে রোদ না উঠলে বা ধান ঘরে তুলতে না পারলে সব ফসল নষ্ট হয়ে যাবে।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বদলগাছীতে মোট ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে টানা বৃষ্টির কারণে এখন পর্যন্ত প্রায় ২৮৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মাঠে থাকা আগাম আলুসহ অন্যান্য রবিশস্যও কিছুটা ক্ষতির মুখে পড়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “এবার উপজেলায় রোপা আমনের ফলন বেশ ভালো হয়েছিল। তবে শেষ সময়ে এসে বৃষ্টি হওয়ায় কৃষকরা কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। ধান নুয়ে পড়ায় এবং খেতে পানি জমে থাকায় ধান কাটা ও মাড়াইয়ে কৃষকদের বাড়তি শ্রম ও খরচ গুণতে হবে। ক্ষয়ক্ষতি কমাতে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে জমির পানি নিষ্কাশনের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।”
অপরদিকে, মাঠের জলাবদ্ধতা দূর করতে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের তালিকা করে সরকারিভাবে প্রয়োজনীয় প্রণোদনা ও সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন উপজেলার ভুক্তভোগী কৃষকরা।











