ঢাকা | নভেম্বর ২২, ২০২৬ - ১০:৫৭ অপরাহ্ন

নগরীতে বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

  • আপডেট: Sunday, November 22, 2026 - 10:52 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেছেন, ‘উদ্যোক্তারা নতুন ব্যবসা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ ব্যবসাগুলো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। নতুন পণ্য ও সেবা চালু এবং উৎপাদন প্রক্রিয়া উন্নত করার মাধ্যমে তারা বাজারকে আরও গতিশীল করে তোলেন। উদ্যোক্তারাই নিজেকে, পরিবারকে এবং সর্বোপরি রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যান।’

রোববার দুপুরে রাজশাহী নগরীর নজরুল ভিলেজ মাঠ প্রাঙ্গণে বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উইমেন এন্টারপ্রিনিয়ার্স অব বাংলাদেশ (ওয়েব)-এর আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি জিয়াউদ্দিন, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী এবং দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আকবারুল হাসান মিল্লাত।