ঢাকা | নভেম্বর ২২, ২০২৬ - ১০:৫৭ অপরাহ্ন

গবেষণায় উদ্বেগজনক চিত্র: বরেন্দ্রের ৯২ শতাংশ জমি এখন খরাপ্রবণ

  • আপডেট: Sunday, November 22, 2026 - 10:43 pm

স্টাফ রিপোর্টার: তিন দশকের ব্যবধানে দেশের শস্যভাণ্ডার খ্যাত বরেন্দ্র অঞ্চল ও সমগ্র রাজশাহী বিভাগের কৃষি এবং ভূপ্রকৃতিতে ভয়াবহ পরিবর্তন ঘটেছে। এক সময় যে অঞ্চলের সিংহভাগ কৃষিজমি ছিল খরামুক্ত, জলবায়ু পরিবর্তন ও ভূগর্ভস্থ পানির অতিমাত্রায় ব্যবহারের ফলে আজ তা চরম পানি-সংকট ও খরার কবলে পড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূতত্ত্ব বিভাগের এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র। রাজশাহী বিভাগের আটটি জেলার দীর্ঘ ৩৫ বছরের (১৯৮৯-২০২৩) তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, ১৯৮৯ সালে এই বিভাগের ৭২ শতাংশ কৃষিজমি খরামুক্ত থাকলেও ২০২৩ সালে এসে তা আশঙ্কাজনকভাবে কমে মাত্র ৮ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ গত সাড়ে তিন দশকে খরামুক্ত জমির পরিমাণ কমেছে ৬৪ শতাংশীয় পয়েন্ট, যার আপেক্ষিক হ্রাসের হার প্রায় ৮৮ দশমিক ৯ শতাংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতজন গবেষকের সমন্বয়ে পরিচালিত এই গবেষণাপত্রটি গত ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘সাসটেইনেবল জিওসায়েন্সেস: পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি’-তে প্রকাশিত হয়েছে। ‘স্পেশোটেম্পরাল অ্যাসেসমেন্ট অব ড্রট ইন দ্য রাজশাহী ডিভিশন অব বাংলাদেশ ইউজিং গুগল আর্থ ইঞ্জিন ক্লাউড প্ল্যাটফর্ম’ শীর্ষক এই গবেষণায় উপগ্রহচিত্র, আবহাওয়া সংক্রান্ত দীর্ঘমেয়াদি উপাত্ত এবং নানাবিধ পরিবেশগত সূচক ব্যবহার করা হয়েছে। এতে মূলত কৃষিজ, আবহাওয়াগত ও জলবিদ্যাগত—এই তিন ধরনের খরার গতিপ্রকৃতি ও পরিবর্তন মূল্যায়ন করা হয়েছে।

তলানিতে ভূগর্ভস্থ পানির স্তর:

কৃষিজমির এই সংকটের পাশাপাশি অঞ্চলটির ভূগর্ভস্থ পানির স্তরেও ভয়ংকর চাপ সৃষ্টি হয়েছে। গবেষণার তথ্যমতে, ১৯৮৯ সালে রাজশাহী বিভাগে ভূপৃষ্ঠের ১০ থেকে ১৫ মিটার বা তারও বেশি গভীরে পানির স্তর ছিল, এমন এলাকার পরিমাণ ছিল মাত্র শূন্য দশমিক ১৮ শতাংশ। কিন্তু ২০২৩ সালে সেই হার লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৯৯ শতাংশে। অর্থাৎ বর্তমানে বিভাগের প্রায় এক-চতুর্থাংশ এলাকার মানুষ ও কৃষিকাজ গভীর পানি-সংকটের মুখোমুখি। বিশেষ করে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় খরার দীর্ঘমেয়াদি চাপ এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার ঘনত্ব সবচেয়ে বেশি দেখা গেছে। গুগল আর্থ ইঞ্জিনের ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে গবেষকরা মাটির আর্দ্রতা, তাপমাত্রা, বৃষ্টিপাত এবং উদ্ভিদের স্বাস্থ্য বিশ্লেষণ করেছেন।

এতে দেখা যায়, আশির দশকের শেষভাগ থেকে ধারাবাহিকভাবে কমেছে খরামুক্ত এলাকার পরিমাণ। ১৯৮৯ সালে যেখানে ৭২ শতাংশ জমি খরামুক্ত ছিল, ১৯৯৪ সালে তা নেমে আসে ৪৪ শতাংশে। এরপর ১৯৯৯ সালে ৩০ শতাংশ, ২০০৪ সালে ১৬ শতাংশ এবং ২০০৯ সালে তা ১০ শতাংশে এসে ঠেকে। সর্বশেষ ২০২৩ সালে এই হার মাত্র ৮ শতাংশে নেমে আসে। বিপরীতে পাল্লা দিয়ে বেড়েছে খরার বিস্তার। ১৯৮৯ সালে গবেষণাধীন এলাকার ২৩ শতাংশে মৃদু কৃষিজ খরা বিরাজ করত, যা ২০১৯ সালে বেড়ে ৬২ শতাংশে পৌঁছায়। পরবর্তীতে এসব এলাকার একটি বড় অংশ মাঝারি খরার কবলে পড়ে। ২০২৩ সালের উপাত্ত অনুযায়ী, বিভাগের ৪২ শতাংশ এলাকায় মাঝারি মাত্রার কৃষিজ খরা বিদ্যমান ছিল।

উদ্ভিদ ও জলবিদ্যাগত সূচকে বিপর্যয়ের ছাপ:

গবেষণায় সব সূচকে খরার তীব্রতা এক রকম পাওয়া না গেলেও সামগ্রিক চিত্র অত্যন্ত নাজুক। উদ্ভিদের অবস্থা সূচক বা ‘ভেজিটেশন কন্ডিশন ইনডেক্স’ (ভিসিআই) বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালে পুরো বিভাগের ৭ দশমিক ৫৭ শতাংশ এলাকায় তীব্র খরার চাপ ছিল, যার প্রকোপ নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি।

অন্যদিকে, উদ্ভিদের স্বাস্থ্য সূচক বা ‘ভেজিটেশন হেলথ ইনডেক্স’ (ভিএইচআই) বলছে, ওই বছর বিভাগের প্রায় অর্ধেক এলাকাই মাঝারি খরায় আক্রান্ত ছিল এবং মাত্র ১০ শতাংশ এলাকা খরামুক্ত ছিল, যার অধিকাংশই নাটোর জেলায় অবস্থিত। জলবিদ্যাগত খরার ক্ষেত্রেও ঘটেছে বড় ধরনের অবনতি। ১৯৮৯ সালে বিভাগের ৭১ শতাংশ এলাকা জলবিদ্যাগতভাবে খরামুক্ত ছিল এবং মাঝারি থেকে চরম খরায় আক্রান্ত এলাকা ছিল মাত্র শূন্য দশমিক ৪৬ শতাংশ। অথচ ২০২৩ সালে খরামুক্ত এলাকার হার কমে মাত্র ৬ দশমিক ০৪ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে মাঝারি, তীব্র ও চরম জলবিদ্যাগত খরায় আক্রান্ত এলাকার সম্মিলিত হার বেড়ে হয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশ।

বৃষ্টিপাতের ধরন পরিবর্তন ও তীব্র খরার বছর:

আবহাওয়াগত খরার সূচক বা ‘স্ট্যান্ডার্ডাইজড প্রিসিপিটেশন ইনডেক্স’ অনুযায়ী, ১৯৮৯ সালে বিভাগের প্রায় ৯০ শতাংশ এলাকা খরামুক্ত ছিল। ২০০৪ সালে তা নাটকীয়ভাবে কমে ৩৬ শতাংশে নেমে আসে এবং ২০২৩ সালে মাঝারি শুষ্কতায় আক্রান্ত এলাকার পরিমাণ বেড়ে ৪৭ শতাংশে পৌঁছায়। গবেষকদের সামগ্রিক পর্যবেক্ষণে ২০০৪ এবং ২০২৩ সালকে এই অঞ্চলের ইতিহাসে উল্লেখযোগ্য ও তীব্র খরার বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাটির আর্দ্রতা কমে যাওয়া, তাপমাত্রা বৃদ্ধি এবং অনিয়মিত বৃষ্টিপাতের সঙ্গে ভূগর্ভস্থ পানির চাপের সরাসরি সামঞ্জস্য পাওয়া গেছে এই বিশ্লেষণে।

এদিকে, খরার এই ভয়াবহতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বদরুদ্দোজা মিয়া জানান, এই পরিস্থিতি মোকাবিলায় কৃষিজ, আবহাওয়াগত ও জলবিদ্যাগত—তিন ধরনের খরার জন্য আলাদা ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। তাঁর মতে, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ডও এই সংকটের জন্য দায়ী। একই জমিতে বছরে দুই থেকে তিনবার ফসল চাষাবাদের ফলে সেচের চাহিদা বহুগুণ বেড়েছে। অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন, বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়া এবং নদী-নালাসহ ভূপৃষ্ঠের পানির প্রবাহ কমে আসায় পানির স্তর দ্রুত নিচে নামছে।

অধ্যাপক বদরুদ্দোজা মিয়া আরও উল্লেখ করেন, উপগ্রহচিত্রে কৃত্রিম সেচের কারণে অনেক এলাকায় কৃষিজ খরার তীব্রতা বাস্তবের তুলনায় কিছুটা কম মনে হতে পারে। তাই প্রকৃত পরিস্থিতি নিরূপণ এবং প্রতিটি কারণের আলাদা অবদান নিশ্চিত করতে মাঠপর্যায়ে আরও নিবিড় গবেষণা জরুরি। সংকট থেকে উত্তরণে গবেষকরা বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির সুষ্ঠু ও নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ, পানি-সাশ্রয়ী আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার এবং কম পানিতে জন্মে এমন ফসলের বৈচিত্র্য বাড়ানোর ওপর জোর দিয়েছেন তাঁরা।

সোনালী/জগদীশ রবিদাস