ঢাকা | নভেম্বর ২২, ২০২৬ - ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম

গোমস্তাপুরে ৬৭ বস্তা সার আটক ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Sunday, November 22, 2026 - 10:39 pm

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৈধ কাগজপত্র ছাড়া পরিবহনের সময় ৬৭ বস্তা সারসহ একটি মাহিন্দ্র পিকআপ আটক করেছে পুলিশ। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গত শনিবার রাত আনুমানিক ১০টা ১৩ মিনিটে গোমস্তাপুর থানার পেট্রোল পার্টির ইনচার্জ এএসআই সৈয়দ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল রহনপুর-আড্ডা সড়কের বংপুর এলাকায় মোবাইল ডিউটি করছিল। এ সময় আড্ডা থেকে রহনপুরগামী একটি সাদা-হলুদ রঙের মাহিন্দ্র পিকআপ (ঢাকা মেট্রো-ন-১২০০৬৪) থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিতে গাড়ি থেকে ৬২ বস্তা ডিএপি ও ৫ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। এ সময় গাড়ির চালক আলম আলী (৪০), পিতা-মৃত টুলু মন্ডল, গ্রাম-লাউঘাটা চক কীর্তি, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এবং গাড়িতে থাকা অপর ব্যক্তি জাহাঙ্গীর আলম (৪০), পিতা-মৃত দেরাশ উদ্দিন, গ্রাম-বালুরচর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তারা জানান, নওগাঁ জেলার সাপাহার উপজেলার দিঘার বাজারের সার ডিলার এমদাদুল হকের দোকান থেকে এসব সার নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কুটুবাজার সংলগ্ন বালুরচর এলাকার মোহাম্মদ সাহেব আলীর দোকানে পৌঁছে দেয়ার উদ্দেশে যাচ্ছিলেন। সাহেব আলীর পিতার নাম কেতাব আলী। তবে সার পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ সারভর্তি গাড়িসহ চালক ও অপর ব্যক্তিকে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

পরে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের মাধ্যমে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।

এরপর রাত ১১টা ১৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাহাঙ্গীর আলমকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় জব্দ করা ৬৭ বস্তা সারের মধ্যে ৫৭ বস্তা গোমস্তাপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমানের জিম্মায় প্রদান করা হয়।