ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম

ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

  • আপডেট: Monday, November 9, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বার্ধক্যজনিত কারণে একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতেই মোশাররফ হোসেন আখুঞ্জি’র মরদেহ নিয়ে রাজশাহীর পথে রওনা দিয়েছেন স্বজনরা। আজ মঙ্গলবার ভোর নাগাদ রাজশাহীতে পৌছাবেন।

পরে বেলা ১১টার দিকে কুমারপাড়াস্থ নিজ বাসভবনে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ যোহর নগরীর টিকাপাড়া ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে টিকাপাড়া গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে। মোশাররফ হোসেন আখুঞ্জি ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও ভাষা আন্দোলন কর্মী। তিনি ৫২র ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। রাজশাহী থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যে কয়জন নেতৃত্ব দিয়েছিলেন, তিনি তাঁদের একজন। মোশাররফ হোসেন আখুঞ্জি এর জন্ম ১৯৩৬ সালে। তিনি রাজশাহীর লোকনাথ স্কুল থেকে মাধ্যমিক পাস করেন এবং নীলফামারী ডিগ্রি কলেজ পরবর্তি শিক্ষা সম্পন্ন করেন। তার পরিবারে দুই মেয়ে ও এক ছেলে। তিনি রাজশাহী শিক্ষা বোর্ডে কিছুদিন চাকরি করেন।

আখুঞ্জি’ ছোট থেকেই রাজনীতি সচেতন। দশম শ্রেণিতে পড়ার সময়েই বাংলা ভাষা কে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিয়ে ভাষা আন্দোলনে যোগ দেন। তিনি রাজশাহীর স্থানীয় রাজনীতিবিদ ড. এসএম বাপ্পা, গোলাম আরিফ টিপু, আতাউর রহমান প্রমুখ এর সংস্পর্শে থেকে ছাত্ররাজনীতি এবং ভাষাসংগ্রাম কমিটিতে যুক্ত হন। শিক্ষাজীবনে ন্যাপের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আখুঞ্জি বিভিন্ন স্থানীয় নাগরিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় স্কুলছাত্র থাকা অবস্থায় ১৬ বছরের কিশোর অবস্থায় ভাষা সংগ্রামে যুক্ত হন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের ওপর গুলিবর্ষণের খবর রাজশাহীতে পৌঁছালে আন্দোলন আরও বেগবান হয়। ভাষাশহীদদের স্মরণে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে নির্মিত শহিদ স্মৃতিস্তম্ভের অন্যতম উদ্যোক্তা ছিলেন মোশাররফ হোসেন আখুঞ্জি। ওই স্মৃতিস্তম্ভকে দেশের প্রথম শহিদ মিনার হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার দাবিও জানিয়ে আসছিলেন তিনি। রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রাবাস, হোস্টেলে রাষ্ট্রভাষা বাংলার প্রয়োজনীয়তা প্রচারে অংশ নেন এবং ছাত্রদের উদ্বুদ্ধ করতে থাকেন।

রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী ব্যবসাপ্রতিষ্ঠান ‘এক নম্বর গদি ঘর’-এর সঙ্গেও দীর্ঘদিনের সম্পৃক্ততা ছিল তার। নগরীর আরডিএ মার্কেট এলাকায় প্রতিষ্ঠানটি তার নামে পরিচিত ছিল। জীবনের শেষ সময়েও বাংলা ভাষার যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণে সোচ্চার ছিলেন এই ভাষাসৈনিক।

এদিকে তার মৃত্যুতে বাংলাদেশ রেশমশিল্প মালিক সমিতির সভাপতি ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ভাষা আন্দোলনের একজন অগ্রণী সংগ্রামী সৈনিক হিসেবে মোশাররফ হোসেন আখুঞ্জি আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। তিনি আজীবন মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ ও প্রগতির পক্ষে কাজ করেছেন এবং প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন। মোশাররফ হোসেন আখুঞ্জির মৃত্যুতে জাতি এক সত্যিকারের জ্ঞানী মানুষকে হারাল। তবে তাঁর চিন্তা, কর্ম এবং আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে দিক-নির্দেশনা জোগাবে।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।