মোটর শ্রমিক ইউনিয়নের কার্যক্রম পরিচালনায় এক সাথে কাজ করতে হবে: মামুন
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ মামুন বলেছেন, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিভেদ ভুলে সকলকে এক সাথে কাজ করতে হবে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের কল্যাণে মৃত এককালীন, কন্যাদান ও শিক্ষাভাতার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সোমবার সকালে নগরীর শিরোইল বাস টার্মিনালে এ অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মামুন অর রশিদ মামুন বলেন, নির্বাচনে পক্ষ-বিপক্ষ ও হারজিত থাকে, তাই বর্তমান নির্বাচিত কমিটির নেতাদের সবাইকে নিয়েই সংগঠন পরিচালনার পরামর্শ দেন তিনি। একই সাথে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও রাজশাহী সড়ক পরিবহর গ্রুপকে এক সাথে হয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের কল্যাণে কাজ করার একজোট হয়ে করার আহবান জানান।
তিনি বলেন, আজ যাদের অনুদান দেয়া হলো, তারা অনেক আগেই আবেদন করেছিলেন। কিন্তু বিগত আওয়ামী ফ্যাসিস্ট সমর্থিত কমিটির অর্থলোপাট ও অসাংগঠনিকভাবে কর্মকান্ড পরিচালনা করায় শ্রমিকরা তাদের ন্যার্য পাওনা থেকে এতদিন বঞ্চিত হয়েছেন। তবে বর্তমান কমিটি শ্রমিকদের যেকোনো বিপদে পাশে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল অতীতের ন্যায় শ্রমিকদের সুখে দু:খে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সেইসাথে শ্রমিকদের কল্যাণে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি, রাজশাহী হইতে বাস সমূহ এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব খন্দকার আব্দুস সোবহান সুমন ও সদস্য সম্রাট হোসেন সাগর।
অনুষ্ঠানে শ্রমিকদের কল্যাণে মৃত এককালীন ২৫ লাখ ২০ হাজার টাকা, কন্যাদান ১৭ লাখ ৬০ টাকা ও শিক্ষাভাতার ৫ লাখ ২০ টাকা প্রদান করা হয়েছে।











