বাগমারায় শত্রুতার বলি হল কৃষকের কলাবাগান
বাগমারা প্রতিনিধি: বাগমারায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের ৩৪ শতক জমির ফলন্ত কলাগাছ ও পটল খেত কেটে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে কৃষক ফেরদৌস রহমান প্রায় ১৮ বছর আগে একই এলাকার আফজাল হোসেনের কাছ থেকে ৪ লাখ টাকায় ৩৪ শতক জমি কট (বর্গা) নিয়ে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় মাড়িয়া মৌজার সারপুকুরের ভিটা নামক ওই জমিতে লালপুর চাম্পাকুড়ি গ্রামের বাবলুর রহমান, তার ছেলে নাহিদুর রহমান, সাজ্জাদ হোসেন এবং বড় মাড়িয়া গ্রামের আব্দুস সালাম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে।
অভিযোগে বলা হয়, তারা জমিতে থাকা ৭০টি ফলন্ত কলাগাছ এবং ৬ কাঠা জমির পটল গাছ কেটে ফেলে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে কৃষক ফেরদৌস ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে দেশীয় অস্ত্র নিয়ে মারতে তেড়ে আসে। প্রাণ ভয়ে তিনি বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে প্রাণে রক্ষা পান।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








