ঢাকা | নভেম্বর ২৯, ২০২৬ - ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম

ছাত্রদলের দাবির মুখে রাবি শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিত

  • আপডেট: Sunday, November 29, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক তথ্য উপস্থাপন ও শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ উল্লেখ না করার অভিযোগে রাবি শাখা ছাত্রদলের বিক্ষোভ ও দাবির মুখে কার্যক্রম স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

গত শনিবার রাতে জরুরি কার্যনির্বাহী কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক।

এর আগে সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষক ফোরামের প্রকাশিত ক্রোড়পত্র নিয়ে আপত্তি তুলে সভা বর্জন করে ছাত্রদল। পরে শিক্ষকরা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবন জুবেরীতে গেলে ছাত্রদল নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান দেন।

রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী অভিযোগ করেন, ক্রোড়পত্রে ২৬ মার্চের প্রেক্ষাপট আড়াল করে ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীনতার ঘোষণার কথা বলা হয়েছে এবং ২০০৬ সালের লগি-বৈঠার তাণ্ডবকে ‘অভিযোগ’ হিসেবে তুলে ধরা হয়েছে। তিনি লেখার সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া, বহিষ্কার, সাংগঠনিক কার্যক্রম স্থগিত ও নতুন কমিটি গঠনের দাবি জানান।

শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক সাবিরুজ্জামান বলেন, যাচাইয়ের পরও চূড়ান্ত প্রকাশনায় কিছু ভুল তথ্য এসেছে। সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক বলেন, ক্রোড়পত্রের বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরও কেন বিলুপ্তির দাবি তোলা হলো, তা তাঁর কাছে স্পষ্ট নয়।