ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম

বড়াইগ্রামে চুলার আগুনে দুই বাড়ি পুড়ে ছাই

  • আপডেট: Saturday, November 7, 2026 - 10:15 pm

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে রান্না করার সময় চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে দুটি বাড়ির আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে একটি গাভী দগ্ধ হয়ে গুরুতর আহত হওয়াসহ দুটি ছাগল পুড়ে মারা গেছে।

শনিবার দুপুরে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভুক্তভোগী দুই কৃষকের কমপক্ষে আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান জানান, দুপুরে মাধাইমুড়ি গ্রামের কৃষক মমিন হোসেনের বাড়ির রান্নাঘরে তার স্ত্রী রান্না করছিলেন। এ সময় অসাবধানতা:বশত চুলা থেকে আগুন বেড়ায় লেগে মুহূর্তে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ওই বাড়ির সবগুলো ঘরসহ প্রতিবেশি সাবদুল ইসলামের বাড়িতেও আগুন লেগে যায়।

এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভালেও তার আগেই দুটি বাড়ির আটটি ঘর ও ঘরে থাকা যাবতীয় জিনিসপত্র পুড়ে যায়। এ সময় মমিনের বাড়ির গোয়ালঘরে থাকা একটি গর্ভবতী গাভী ও দুটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে ছাগল দুটি ঘটনাস্থলেই মারা যায়।