রাজশাহীতে বরেন্দ্র বনসাই সোসাইটির উদ্যোগে বর্ণিল বনসাই প্রদর্শনী শুরু
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আকর্ষণীয় বনসাই প্রদর্শনী। বরেন্দ্র বনসাই সোসাইটির উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ৩২জন শিল্পীর প্রায় ২৮০টি দুর্লভ ও নান্দনিক বনসাই গাছ।
শনিবার সকালে নগরীর সিএন্ডবি মোড় জেলা পরিষদ মিলনলায়তন চত্বরে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাদ্দেদ জামানী সুমন। বরেন্দ্র বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক নওরোজ আলী মহিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার মুহাম্মদ আলী।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, উত্তরাঞ্চলে এ ধরনের বনসাই প্রদর্শনী অত্যন্ত বিরল। বনসাই কেবল প্রকৃতির রূপ ফুটিয়ে তোলে না, বরং এটি মানুষকে প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে যাওয়ার একটি অভিনব কৌশল ও প্রকৃতিপ্রেমীদের ভালোবাসার প্রতিচ্ছবি। বরেন্দ্র বনসাই সোসাইটি হারিয়ে যাওয়া প্রাচীন গাছগুলো সংরক্ষণ করে একটি সুন্দর পরিবেশ সৃষ্টির মাধ্যম তৈরি করছে বলে অভিমত ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, বনসাই হলো প্রকৃতি প্রেমীদের ভালোবাসার প্রতিচ্ছবি। প্রদর্শনীতে দেশি বট, পাইকর, লাইকর, শ্যাওড়া, ঘূর্ণিবিচি, তমাল, বৈচি, জিলাপী, তেঁতুল, কামিনীসহ ফাইকাস প্রজাতির বেনজামিনা, রেটুসা, রামফি, গোল্ডেন, ভাইরেস এবং বাগান বিলাস, বাওবাব, জেড, ফাইকাস লংআইল্যান্ড, থাইচেরী, রপনসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২৮০টি বনসাই প্রদর্শিত হচ্ছে।
আগামী ১০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। পরিবারের সবাইকে নিয়ে প্রকৃতি ও বনসাইয়ের সাথে পরিচিত হওয়ার জন্য বরেন্দ্র বনসাই সোসাইটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।











