ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম

জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর জামায়াতের

  • আপডেট: Saturday, November 7, 2026 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সংগঠনের মহানগর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নবনির্বাচিত আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, মহানগরীর ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরীর সভাপতি সারোয়ার জাহান প্রিন্স এবং জামায়াত নেতা মোহা. আবু বকর সিদ্দীক।

মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাত হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, জাতীয় ঐক্য ও সংহতি একটি দেশের অগ্রগতি, স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রধান ভিত্তি। মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতায় বিশেষ তাৎপর্য বহন করে। ইতিহাসের সঠিক মূল্যায়ন এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের মধ্য দিয়েই এ দিবসের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব।

একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, “জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে একটি বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষের মূল প্রত্যাশা হলো একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত সমাজ। ফলে রাজনৈতিক বিভেদ, হিংসা-বিদ্বেষ ও প্রতিহিংসার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং জাতীয় ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে। জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।” আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে রাজশাহী মহানগর জামায়াতের বিভিন্ন থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।