ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যু

  • আপডেট: Friday, November 6, 2026 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর কেয়ার নার্সিং হোমে সিজারিয়ান অস্ত্রোপচারের পর জয়নব বানু (২৯) নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন স্বজনেরা।

গোদাগাড়ী উপজেলার পাকড়ি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী জয়নব গত বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর বেলা ১১টার দিকে প্রসূতি জয়নব বানুকে লক্ষ্মীপুর এলাকার কেয়ার নার্সিং হোমে ভর্তি করা হয়। সেদিন বিকেলে ক্লিনিকটির পরিচালক ও চিকিৎসক শামীমা খাতুন তুলিকার তত্ত্বাবধানে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকেই রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং তা বন্ধ করা যায়নি। পরিস্থিতির অবনতি হলে ওই রাতেই তাকে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার কক্ষে নেয়া হয় এবং জরায়ু অপসারণ করা হয়। পরে রোগীর অবস্থার চরম অবনতি হলে তাকে প্রথমে নগরীর আরেকটি বেসরকারি হাসপাতাল এবং পরবর্তীতে রামেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। স্বজনদের দাবি, চিকিৎসকের ভুল অস্ত্রোপচার ও ব্যবস্থাপনার কারণেই এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ বিষয়ে কেয়ার নার্সিং হোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ সাংবাদিকদের জানান, অস্ত্রোপচারের পর রক্তনালির ভেতরে ব্যাপকভাবে রক্ত জমাট বাঁধার জটিলতা তৈরি হলে অনেক সময় রক্তপাত বন্ধ করা কঠিন হয়ে পড়ে। তবে রোগীর ক্ষেত্রে ঠিক কী ধরনের জটিলতা হয়েছিল, তা কেবল অস্ত্রোপচারকারী চিকিৎসকই সুনির্দিষ্টভাবে বলতে পারবেন।

তিনি আরও উল্লেখ করেন, রোগীকে অত্যন্ত সংকটাপন্ন ও শেষ মুহূর্তে রামেক হাসপাতালে আনা হয়েছিল।