ঢাকা | নভেম্বর ৬, ২০২৬ - ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী বোর্ডে শতভাগ ফেল করা ৩৯টি কলেজকে শোকজ

  • আপডেট: Friday, November 6, 2026 - 10:23 pm

স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ ফেল বা ‘শূন্য পাস’ করা ৩৯টি কলেজকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

আগামী ১০ নভেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, প্রকাশিত ফলাফল অনুযায়ী শূন্য পাস করা ৩৯টি প্রতিষ্ঠানে মোট ১৭৩ জন পরীক্ষার্থী অংশ নিলেও একজনও পাস করতে পারেননি। অন্যদিকে, শতভাগ পাস করা ৯টি প্রতিষ্ঠানে ৩৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন।

রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শূন্য থেকে ১০ শতাংশ ফলাফল প্রাপ্ত কলেজগুলোকেও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কলেজগুলোর সব ধরনের কাগজপত্র সাথে নিয়ে কলেজ প্রধানদের শিক্ষা বোর্ডে হাজির হয়ে সন্তোষজনক জবাব দিতে হবে। ব্যর্থতায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শূন্য পাস করা কলেজগুলোর মধ্যে রয়েছে বগুড়ার গাবতলীর তসলিম উদ্দিন তারাফদার কলেজ (৪৬ জন পরীক্ষার্থী), নওগাঁর নিয়ামতপুরের শাংসইল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ (১৫ জন), নাটোরের গুরুদাসপুরের বঙ্গবন্ধু সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিএম ইনস্টিটিউট (১২ জন), পাবনা সাঁথিয়ার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজ (১০ জন), এবং রাজশাহী জেলার পুঠিয়ার বেলপুকুরিয়া উইমেন্স কলেজ (৫ জন)।

এছাড়া রাজশাহী কমার্স কলেজসহ বিভিন্ন জেলার আরও একাধিক কলেজের ১ থেকে ৫ জন করে পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। উল্লেখ্য, চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.৬ শতাংশ। বোর্ডের ৮ জেলার ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬১ হাজার ৮৯৪ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন।